×

অর্থনীতি

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:১৮ পিএম

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের শিল্প খাতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগে এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় বাস্তবায়িত এ প্রকল্প শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার আনোয়ারায় সিইআইজেড-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: আইনশৃঙ্খলা উন্নত না হলে নতুন বিনিয়োগ সম্ভব নয়

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার নীতিগত সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, সিইআইজেড প্রকল্পে অবকাঠামো ও শিল্প স্থাপনে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। দ্রুত সেবা নিশ্চিতে শতভাগ কার্যকর ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালু এবং পুঁজিবাজারে কৌশলগত বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় ৭৭৬ একর এলাকায় গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে ৩৬ হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তৈরি পোশাক ও টেক্সটাইলের পাশাপাশি বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং চামড়াজাত পণ্যসহ উচ্চমূল্যের শিল্প গড়ে উঠবে, যা দেশের রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় করবে।

তিনি আরও বলেন, কর্ণফুলী টানেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী হওয়ায় প্রকল্পটির যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক হবে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক মানের সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।

আরো পড়ুন: আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। পাশাপাশি বেজার ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত অনুমোদন এবং গ্যাস-বিদ্যুতসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানের শেষে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষ করে বেজা, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি), ঢাকাস্থ চীনা দূতাবাস এবং স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সিইআইজেড বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতা এবং বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App