মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ছে স্বর্ণের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.২২ শতাংশ বেড়ে ৪,০৩৬.০৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম প্রায় অপরিবর্তিত থেকে ৪,০৩৭.৩০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, প্রতি আউন্স স্বর্ণের দাম মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৪,০০০ ডলারের কাছাকাছি নেমে আসায় অনেক বিনিয়োগকারী কেনার সুযোগ নিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।
আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ফেড সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। এরপর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ। যদিও অধিকাংশ বিনিয়োগকারী মনে করছেন, এবার সুদের হার অপরিবর্তিত থাকবে, তবে ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না।
বিশ্লেষকদের ভাষ্য, ফেড যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়, তাহলে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩,৯৪১ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। অন্যদিকে, তুলনামূলক নমনীয় অবস্থানের আভাস পাওয়া গেলে দাম আবার ৪,১০০ ডলারের ওপরে উঠতে পারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন রুপার দাম ১.৩ শতাংশ বেড়েছে। তবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ০.৯ শতাংশ এবং ০.৭ শতাংশ কমেছে।
