ফের বাড়ল জেট ফুয়েলের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি : সংগৃহীত
দেশে উড়োজাহাজের জেট ফুয়েলের দাম টানা দ্বিতীয় মাসের মতো বাড়ানো হয়েছে। আগস্টে প্রতি লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ানোর পর সেপ্টেম্বরেও অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের দাম ৬ টাকা ১৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
আগস্টে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা।
আন্তর্জাতিক রুটের উড়োজাহাজের জ্বালানির দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১ দশমিক ০৩৫৮ ডলার থেকে বাড়িয়ে সেপ্টেম্বরের জন্য ১ দশমিক ০৭৭০ ডলার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জেট ফুয়েলের সংশোধিত মূল্য ঘোষণা করে বিইআরসি।
আরও পড়ুন: একনেক সভা কী, কীভাবে কাজ করে
কমিশনের আদেশে বলা হয়েছে, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেট এ-১-এর প্লাটস রেটের গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ব্যবহৃত ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে শুনানি শেষে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে জুলাই মাসে অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
তারও আগে জুন মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়।
এ ছাড়া ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ের মাধ্যমে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এর আগে ৭ মে দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে প্রতি লিটার ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।
