চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি : সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭ দশমিক ৬৪৩ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ২০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ৫৭ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে প্রবাসী কর্মীদের দেশে পাঠানো অর্থের প্রবাহ বাড়ায় সামগ্রিক রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। এর আগে ২০ সেপ্টেম্বর মোট রিজার্ভ ছিল ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর দেশের রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৩ কোটি ডলার।
গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
