×

অর্থনীতি

গভর্নর

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

সংগৃহীত ছবি

ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের ক্ষতি কাটিয়ে এ খাত পুনর্গঠনে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা ব্যয় করতে হতে পারে। আগামী পাঁচ থেকে আট বছর পর্যন্ত এ অর্থের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ব্যাংক খাতের সংকটের দায় শেষ পর্যন্ত বহন করতে হবে পরবর্তী প্রজন্মকে। তারা চাকরি করবে, ব্যবসা করবে, কর দেবে; অথচ সেই অর্থের সুফল ভোগ করার আগেই তা বর্তমান সংকট মোকাবিলায় ব্যয় হয়ে যাবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এ এসব কথা বলেন গভর্নর। ‘সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন তিনি।

মো. মোস্তাকুর রহমান বলেন, ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা ভালো ছিল না। বেসরকারি খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও নেতিবাচক পরিস্থিতি বিরাজ করছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক খাতের গভীর সংকট। এ খাত থেকে এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়ে গেছে।

ব্যাংক খাত পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে গভর্নর বলেন, এ খাতের সংস্কারের জন্য সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আগামী পাঁচ থেকে আট বছর এ অর্থের প্রয়োজন হতে পারে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ, এই বিপুল অর্থের বোঝা বহন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে।

মূল্যস্ফীতি কমাতে বিনিময় হার নিয়ন্ত্রণের উদ্যোগ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ সম্পর্কে গভর্নর বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশে মূল্যস্ফীতির হার অনেক বেশি ছিল। পরিস্থিতি সামাল দিতে তখন নীতি সুদহারও বাড়তি রাখতে হয়েছিল। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নীতি সুদহার কয়েক বেসিস পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি আরও কমাতে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মূল্যস্ফীতির অন্যতম বড় কারণ টাকার বিপরীতে ডলারের বিনিময় হারের অবমূল্যায়ন। গত ১০ বছরে টাকার মান প্রায় ৬০ শতাংশ কমেছে, অর্থাৎ প্রতিবছর গড়ে ৬ শতাংশ করে অবমূল্যায়ন হয়েছে। এর ফলে আমদানি করা পণ্যের পাশাপাশি দেশের উৎপাদনশিল্পে ব্যবহৃত আমদানি করা কাঁচামালের দামও বেড়েছে। শেষ পর্যন্ত বিনিময় হারের এই প্রভাব ভোক্তা পর্যায়ে পণ্যের দামে গিয়ে পড়ে।

প্রকৃত কার্যকর বিনিময় হার বা রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেটের হিসাব নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, অনেকে এ হার হিসাবের ক্ষেত্রে ২২ থেকে ২৩ ধরে থাকেন। তবে তাঁর বিবেচনায় ১৫ ধরে হিসাব করলে পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে।

আমদানিতে ডলারের দাম কমানোর আহ্বান

আমদানি ব্যয় কমাতে ব্যাংকগুলোকে ডলারের দাম নির্ধারণে কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ব্যাংকারদের উদ্দেশে তিনি বলেন, আমদানিকারকেরা ব্যাংক থেকে যে দামে ডলার কেনেন, তার সঙ্গে ব্যাংকের মুনাফার একটি অংশ যুক্ত থাকে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো কিছুটা ছাড় দিলে আমদানিকারকদের খরচ কমবে। ডলারের দাম ৫০ পয়সা কমলেও তার ইতিবাচক প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়তে পারে। তাই আমদানির জন্য ডলারের দাম কমানোর বিষয়ে ব্যাংকগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ঋণের ২০ শতাংশ এসএমই খাতে দেওয়ার প্রস্তাব

বেসরকারি খাতে ঋণ বিতরণে বড় করপোরেট প্রতিষ্ঠানের আধিপত্য কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণের প্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন গভর্নর।

মো. মোস্তাকুর রহমান বলেন, গত ১০ বছরে ঋণ বিতরণ অনেক বেশি কেন্দ্রীভূত হয়ে পড়েছে। বর্তমানে মোট ঋণের প্রায় ৭০ শতাংশ বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো পাচ্ছে, যা কাম্য নয়।

আগামী বছরের জন্য ঋণ বিতরণে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দিয়ে ব্যাংকারদের উদ্দেশে তিনি বলেন, অন্তত ২০ শতাংশ ঋণ এসএমই খাতে দিতে হবে। একই সঙ্গে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর ঋণনির্ভরতা কমিয়ে ঋণ বিতরণে ভারসাম্য আনতে হবে। এতে কর্মসংস্থান ও মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে। পাশাপাশি বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যবসা টিকিয়ে রাখাও সহজ হবে।

তবে ঋণ বিতরণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন গভর্নর। তিনি বলেন, একটি খাতের উদাহরণ দিয়ে দেখা গেছে, বাংলাদেশে ওই খাতের মোট চাহিদা ৫০০ কোটি ডলার। অথচ এরই মধ্যে ১ হাজার ২৫০ কোটি ডলারের উৎপাদন সক্ষমতা গড়ে উঠেছে। অর্থাৎ চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এ ধরনের অতিরিক্ত বিনিয়োগের কারণে ঋণের অর্থ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ছে। তাই নতুন ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট খাতের প্রকৃত চাহিদা ও বিদ্যমান উৎপাদন সক্ষমতা বিবেচনায় নেওয়া জরুরি।

রেমিট্যান্সের আনুষ্ঠানিক প্রবাহ বাড়ানোর চেষ্টা

বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিক প্রবাহ বাড়াতে রেমিট্যান্স পাঠানো ও বৈদেশিক লেনদেনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর।

তিনি বলেন, রেমিট্যান্সের ক্ষেত্রে অনানুষ্ঠানিক বাজারের ওপর নির্ভরতা কমানোর অন্যতম উপায় হলো বাজারের চাহিদা কমানো এবং বৈধ পথে লেনদেন সহজ করা। এ লক্ষ্যে বিভিন্ন ধরনের বৈদেশিক পেমেন্টের প্রক্রিয়া সহজ করা হচ্ছে।

গভর্নর জানান, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, ই-কমার্স এবং ফ্রিল্যান্সারদের অর্থ পরিশোধ ও আয় দেশে আনার প্রক্রিয়া সহজ করা হয়েছে। এসব ক্ষেত্রে বৈধ চ্যানেলে লেনদেনের সুযোগ বাড়ানো গেলে অনানুষ্ঠানিক বাজারের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিক প্রবাহ বাড়বে।

রিজার্ভ বাড়াতে নতুন হিসাব ও বন্ডের মেয়াদ বাড়ানোর উদ্যোগ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব চালুর উদ্যোগের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

তিনি বলেন, এ ধরনের হিসাবের মাধ্যমে ভারত ও পাকিস্তান উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে। বাংলাদেশেও ব্যাংকগুলোর সহযোগিতায় এ হিসাবের প্রচার চালানো হচ্ছে।

এ ছাড়া আগামী তিন থেকে পাঁচ বছরে জ্বালানি খাতে বৈদেশিক মুদ্রায় যেসব অর্থ পরিশোধ করতে হবে, সেগুলো যেন দেশের রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ তৈরি না করে, সে বিষয়েও কাজ চলছে।

প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, আগে এসব বন্ডের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছরের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছিল। এখন সেই সীমাবদ্ধতা তুলে দিয়ে অনির্দিষ্টকালের জন্য বিনিয়োগ ধরে রাখার সুযোগ তৈরির বিষয়ে কাজ চলছে।

মো. মোস্তাকুর রহমান বলেন, বর্তমানে প্রবাসীদের জন্য চালু থাকা এই তিন ধরনের বন্ডে প্রায় ৬০ কোটি ৬০ লাখ ডলার রয়েছে। মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেওয়া গেলে এসব বন্ডের মাধ্যমে আরও বেশি বৈদেশিক মুদ্রা সংগ্রহের সুযোগ তৈরি হবে।

জ্বালানি নিরাপত্তায় উৎস বহুমুখীকরণের উদ্যোগ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গভর্নর বলেন, বৈশ্বিক পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনায় রেখে জ্বালানির উৎস বহুমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, জ্বালানি খাতে বৈদেশিক মুদ্রার ব্যয় ব্যবস্থাপনা এবং বিকল্প উৎসের ব্যবহার বাড়ানো গেলে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানো সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

গভর্নর ‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের বিপক্ষে সেমিতে বাংলাদেশের একাদশে যারা

পাকিস্তানের বিপক্ষে সেমিতে বাংলাদেশের একাদশে যারা

যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

যে কারণে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App