স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছিল মন্ত্রণালয়।
প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা যাবে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন
নীতিমালায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। ২০২৭ শিক্ষাবর্ষের ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে।
বয়স প্রমাণের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও ক্যাচমেন্ট এলাকা
ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা দিনে পরীক্ষা নেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে সময়সূচি নির্ধারণ করতে হবে।
ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোয় ভর্তির ক্ষেত্রে স্কুল-সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি আসনে সবার আবেদন করার সুযোগ থাকবে।
তবে একই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এই ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।
আবেদন ফি ও ভর্তি ব্যয়
নীতিমালায় অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরীসহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিও-বহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২০০ টাকা নেওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে।
সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি ফি আদায়ে যেসব নির্দেশনা
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ব্যয় এবং এমপিও-বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে।
এ ছাড়া উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠার ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।
