×

আন্তর্জাতিক

স্কুল চলাকালে মোবাইল ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

স্কুল চলাকালে মোবাইল ফোন রাখা নিষিদ্ধ হচ্ছে

ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন নিয়ম কার্যকর হলে স্কুল চলাকালে শিক্ষার্থীরা নিজেদের কাছে কোনোভাবেই মোবাইল ফোন রাখতে পারবে না। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা রয়েছে।

গত জুনে স্কুলগুলোকে পুরো শিক্ষাসময় ফোনমুক্ত রাখার বিষয়ে আইনগত বাধ্যবাধকতাসহ নির্দেশনা কার্যকর করা হয়। এবার বিদ্যমান নীতিমালায় আরও কঠোর পরিবর্তন আনছে সরকার। বর্তমানে ইংল্যান্ডের কিছু স্কুলে ‘নো সি, নো হিয়ার’ নীতি চালু রয়েছে। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা ফোন সঙ্গে রাখতে পারলেও তা দেখা বা শোনার সুযোগ পায় না। নতুন নিয়মে সেই সুযোগও বন্ধ করা হবে।

তবে স্কুলপ্রধানদের বিভিন্ন সংগঠন বলছে, সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অর্থায়ন না পেলে নতুন বিধিনিষেধ বাস্তবায়ন করা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে পড়বে।

শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সরকারের স্পষ্ট বার্তা হলো, ‘স্কুল হলো শেখা ও বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, ফোনে স্ক্রল করার নয়।’

সরকারের মতে, স্কুলে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনা ও সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যাহত হতে পারে।

যেভাবে বাস্তবায়ন হবে নতুন নিয়ম

নতুন নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে স্কুলগুলোকে স্বাধীনতা দেওয়া হবে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ বা নিরাপদ লকারের ব্যবস্থা করা হয়েছে। আবার কিছু স্কুলে দিনের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে পুরো ক্যাম্পাসেই মোবাইল ফোন নিষিদ্ধ।

বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, এ ধরনের নীতি পুরো স্কুলের সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এমন পরিবর্তন দেখতে চায়।

ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের ফোন ব্যবহার বন্ধ করতে মেটাল ডিটেক্টর ও বিশেষ ফোন পাউচের ব্যবস্থা করতে তাদের স্কুল ২০ হাজার পাউন্ড ব্যয় করেছে।

তিনি বলেন, ফোন ব্যবহারের স্বাধীনতা হারানো নিয়ে কারও কারও আপত্তি থাকলেও ফোন তালাবদ্ধ রাখার ফলে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বেড়েছে। এখন তারা ফোনে স্ক্রল করার পরিবর্তে একে অপরের সঙ্গে কথা বলছে।

তার দাবি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগও বেড়েছে। মনোযোগ নষ্ট হওয়ার সুযোগ কমে যাওয়ায় তারা ভালো ফলাফল করছে।

ওয়েস্ট মিডল্যান্ডসের ব্রাউনহিলস অরমিস্টন একাডেমির মতো কিছু স্কুলেও শিক্ষার্থীদের ফোন রাখার জন্য তালাবদ্ধ করা যায় এমন বিশেষ পাউচ সরবরাহ করা হচ্ছে।

নতুন নীতি বাস্তবায়নে অর্থায়নের বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলপ্রধানরা যেন নিজেদের প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারেন, সেটিই তার কাছে গুরুত্বপূর্ণ।

নতুন নীতিকে স্বাগত ও সমালোচনা

প্রচারাভিযানভিত্তিক সংগঠন জেনারেশন ফোকাসের সহপ্রতিষ্ঠাতা শার্লট অ্যাশটন সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, ‘নো সি, নো হিয়ার’ নীতি কার্যকর হচ্ছে না। কারণ, শিক্ষার্থীরা এখনো স্কুলের শৌচাগারে বসে টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে।

অন্যদিকে, ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট বলেন, লেবার পার্টির সরকার অবশেষে তাদের দাবিতে সাড়া দিয়ে স্কুলে স্মার্টফোন ব্যবহারে যথাযথ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, এতে তিনি আনন্দিত। স্কুলে প্রযুক্তি ব্যবহারের নিরাপত্তা মান পর্যালোচনার উদ্যোগকেও তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

তবে শ্রেণিকক্ষে কোন প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে সরকারের সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলে ভিন্ন নীতি

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে শিক্ষাব্যবস্থা পৃথকভাবে পরিচালিত হওয়ায় স্কুলে মোবাইল ফোন ব্যবহারের নীতিও একেক অঞ্চলে একেক রকম।

স্কটল্যান্ডের সরকার স্কুলে ব্যক্তিগত প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপের জন্য নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে জনমত যাচাইয়ের উদ্যোগও নেওয়া হয়েছে।

ওয়েলসে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করে জাতীয় পর্যায়ে আইন প্রণয়নের একটি প্রস্তাব সম্প্রতি পার্লামেন্টে নাকচ হয়েছে। তবে সেপ্টেম্বরে এ বিষয়ে ১২ সপ্তাহের পরামর্শ গ্রহণ কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার। এর মাধ্যমে স্কুলগুলোকে নিজস্ব মোবাইল ফোন নীতিমালা তৈরিতে সহায়তা করার জন্য নির্দেশনা দেওয়া হবে।

ওয়েলসে স্কুল চলাকালে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। তবে নিজস্ব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে স্কুলপ্রধানদের স্বাধীনতা রয়েছে।

অন্যদিকে, নর্দার্ন আয়ারল্যান্ডের শিক্ষামন্ত্রী পল গিভান গত আগস্টে স্কুলে আইনগতভাবে মোবাইল ফোন নিষিদ্ধ করা যায় কি না, তা নিয়ে ১২ সপ্তাহের পরামর্শ গ্রহণ কার্যক্রম শুরু করেন। দেশটির শিক্ষাব্যবস্থায় আরও কঠোর ও অভিন্ন নীতি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা থেকে আলাদা

স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রস্তাবিত নিষেধাজ্ঞা থেকে আলাদা। আগামী মার্চে ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় ১৬ বছরের কম বয়সিরা ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না।

দেশটির সংস্কৃতিমন্ত্রী জানিয়েছেন, ভিন্টেড ও ইবের মতো অনলাইন মার্কেটপ্লেসও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হতে পারে।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

মৃত্যুদণ্ডের রায় নিয়েও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

আল-জাজিরার বিশ্লেষণ মৃত্যুদণ্ডের রায় নিয়েও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App