×

জাতীয়

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতি এবং নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের খবর প্রকাশের পর তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়া এবং আপিলের সুযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ পাওয়ার সুযোগ শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তির হাজিরা নিশ্চিত করা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটন বা দাখিলের নির্দেশ দেওয়াসহ আপিল বিভাগের কাছে বিচারাধীন যেকোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করার ক্ষমতা রয়েছে আদালতের।

তবে শেখ হাসিনার ক্ষেত্রে এই অনুচ্ছেদ প্রয়োগের সুযোগ নেই বলে মনে করেন চিফ প্রসিকিউটর। তার ভাষ্য, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়ও পেরিয়ে গেছে। তাই দেশে ফিরলে তাকে রায় কার্যকরের মুখোমুখি হতে হবে।

তবে এ বিষয়ে চিফ প্রসিকিউটরের আগের বক্তব্যে কিছুটা ভিন্ন ইঙ্গিত পাওয়া যায়। শেখ হাসিনা জুলাইয়ে প্রথমবার দেশে ফেরার কথা বলার পর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তির আপিল গ্রহণের নজির রয়েছে।

এ প্রসঙ্গে তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদের উদাহরণ তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, আজাদ নির্ধারিত সময়ের পর আপিল করেছিলেন। তবে সংবিধানের ১০৪ অনুচ্ছেদে থাকা ‘প্রিন্সিপল অব কমপ্লিট জাস্টিস’ বা সম্পূর্ণ ন্যায়বিচারের নীতির আওতায় আপিল বিভাগ কয়েকজনের আপিল গ্রহণ করেছিলেন।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আবুল কালাম আজাদের আপিল নির্ধারিত সময়ের বাইরে করা হয়েছিল। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ মনে করেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদে আপিল বিভাগকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো আইনে কোনো বিষয় স্পষ্টভাবে উল্লেখ না থাকলে ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগ এই ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে তার মত।

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী রাশিদা চৌধুরী নিলু বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আবার কোনো অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে বিবেচনা করা যায় না। তার মতে, সম্পূর্ণ ন্যায়বিচার ও মানবাধিকার মানুষের মৌলিক অধিকার।

একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্য, ট্রাইব্যুনাল গঠন, বিচারক নিয়োগ, সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন, জেরা ও যুক্তিতর্কসহ বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথ আইন মেনে সম্পন্ন হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ সরকারপক্ষের নীতিনির্ধারকেরা অস্বীকার করে আসছেন।

এদিকে ভারতে নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে আত্মবিশ্বাসী। তার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী ইতোমধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, মৃত্যুদণ্ডের রায় এবং সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় আপিলের সুযোগ নিয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তবে এ ক্ষেত্রে সংবিধানের বিধান, আদালতের এখতিয়ার এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার ব্যাখ্যাই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

মৃত্যুদণ্ডের রায় নিয়েও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

আল-জাজিরার বিশ্লেষণ মৃত্যুদণ্ডের রায় নিয়েও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App