×

জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন ঘিরে পালটাপালটি যুক্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন ঘিরে পালটাপালটি যুক্তি

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা পাসপোর্ট পাওয়ার অধিকারী কি না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে চলছে পালটাপালটি যুক্তি।

একদিকে শেখ হাসিনার পাসপোর্ট পাওয়াকে তার মৌলিক অধিকার হিসেবে তুলে ধরছেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে সরকারের বক্তব্য, দণ্ডিত ও পলাতক কোনো ব্যক্তিকে পাসপোর্ট বা ভ্রমণ নথি দেওয়ার সুযোগ নেই। এ পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও আলোচনায় এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। তাদের ধারণা, পাসপোর্ট না পাওয়ার বিষয়টিকে সামনে রেখে আওয়ামী লীগ দাবি করতে পারে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলেও সরকার তাকে ফেরার সুযোগ দিচ্ছে না। তবে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে না ফিরলে এ বক্তব্যের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করছেন তারা।

সংশ্লিষ্টদের কেউ কেউ বলছেন, দেশে ফিরতে চাইলে শেখ হাসিনা আগেই আদালতের আশ্রয় নিতে পারতেন। কিন্তু চলমান বিচারপ্রক্রিয়ায় তিনি সশরীরে অংশ নেননি এবং নির্ধারিত সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলও করেননি।

আওয়ামী লীগ নেতাদের বক্তব্য

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পর দলটির কয়েকজন পলাতক নেতা ও সাবেক মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, সরকার আগে জানিয়েছিল শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এখন তিনি নিজেই ফিরতে চাইছেন, তাহলে তাকে ফিরতে দেওয়া হচ্ছে না কেন?

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরেক নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিমও শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিয়েছেন। তার দাবি, প্রত্যেক মানুষের পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার। সরকার কীভাবে কাউকে সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারে, সে প্রশ্নও তুলেছেন তিনি।

আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একাংশের দাবি, জেনেভা কনভেনশন ও ভিয়েনা কনভেনশনের বিষয়গুলো বিবেচনায় না নিয়ে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তোলা হচ্ছে। তাদের যুক্তি, শেখ হাসিনা ভারতে বন্দি নন; বরং দেশটির সরকারের অতিথি হিসেবে অবস্থান করছেন। এ কারণে তার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি প্রযোজ্য কি না, তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।

ট্রাভেল পাস দেওয়ার প্রস্তাব

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নতুন পাসপোর্টের পরিবর্তে শেখ হাসিনাকে একমুখী ট্রাভেল পাস বা দেশে ফেরার টিকিট দেওয়ার প্রস্তাব করেন।

তার যুক্তি, কোনো পলাতক আসামি স্বেচ্ছায় দেশে ফিরে আত্মসমর্পণ করতে চাইলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়ার গুরুত্ব কমে যেতে পারে। সরকারের উচিত বিষয়টিকে দেশে ফেরার সুযোগ হিসেবে বিবেচনা করা বলেও মন্তব্য করেন তিনি। অন্য একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, কোনো দেশ দণ্ডিত পলাতক আসামিকে নতুন পাসপোর্ট দেয় কি না।

সরকারের অবস্থান

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে সরকারের পক্ষ থেকেও কঠোর অবস্থান জানানো হয়েছে। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, কোনো সন্ত্রাসী বা পলাতক অপরাধীকে দেশ পাসপোর্ট কিংবা ভ্রমণ নথি দেয় না। বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর প্রত্যর্পণ চুক্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বৈধ উপায় হলো প্রত্যর্পণ প্রক্রিয়া।

সরকারপক্ষের বক্তব্য, আইনজীবীর মাধ্যমে পাসপোর্টের আবেদন মূলত রাজনৈতিক কৌশল হতে পারে। দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার প্রকৃত ইচ্ছা থাকলে শেখ হাসিনা সে অনুযায়ী পদক্ষেপ নিতেন বলেও মনে করছেন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আইন কী বলছে?

আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, আদালতের আদেশ অমান্য করে পলাতক থাকা কোনো দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে হবে। তাদের বক্তব্য, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে বিচারিক প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীদের বক্তব্য, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরুর পর আদালতের পক্ষ থেকে তাকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি। তাদের মতে, এখন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনের আশ্রয় চাওয়ার আগে বিচারিক প্রক্রিয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এদিকে মঙ্গলবার শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার যোগ্যতা নিয়ে বিদ্যমান আইনের ব্যাখ্যা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, আইন অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার সময় আগের পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে থাকলে কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট দিতে পারে না।

তিনি আরও বলেন, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করার বিধান রয়েছে। মানবতাবিরোধী অপরাধকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করা হয় বলে মন্তব্য করেন তিনি। তার মতে, শেখ হাসিনা দণ্ডিত হওয়ায় পাসপোর্ট কর্তৃপক্ষের তাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই।

সব মিলিয়ে শেখ হাসিনার পাসপোর্ট আবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি আইনি ব্যাখ্যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। পাসপোর্ট পাওয়ার অধিকার, দণ্ডিত ব্যক্তির আইনি অবস্থান এবং বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির প্রয়োগ—এই তিনটি বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে। তবে সংশ্লিষ্ট আইনের চূড়ান্ত ব্যাখ্যা ও প্রয়োগের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’

মৃত্যুদণ্ডের রায় নিয়েও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

আল-জাজিরার বিশ্লেষণ মৃত্যুদণ্ডের রায় নিয়েও কেন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App