ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন হাসিনা সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি: সংগৃহীত
বাউল সমাজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাউল শিল্পী হাসিনা সরকার।
বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই বক্তব্য ভাইরাল হওয়ার পর ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
এর আগে হাসিনা সরকার অভিযোগ তুলেছিলেন যে, নারী বাউল শিল্পীরা প্রায়শই কুপ্রস্তাবের শিকার হন এবং অনেক ক্ষেত্রে অনৈতিক প্রস্তাবে রাজি না হলে অনুষ্ঠানের সুযোগ পাওয়া যায় না। যদিও তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি, তবুও তার এই মন্তব্যে বাউল সমাজ ও সংস্কৃতি অঙ্গনে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়।
ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে নিজের ভুল স্বীকার করে হাসিনা সরকার বলেন, ‘আমার মন্তব্যে যারা কষ্ট পেয়েছেন, সেই সকল বাউল শিল্পীর কাছে আমি করজোড়ে ক্ষমা চাইছি। আশা করি, বড়রা তাদের ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন এবং সবাই যেন আগের মতোই আমাকে আগলে রাখেন—এটাই আমার প্রত্যাশা।’
তিনি জানান, ‘মিরপুরে তার একটি অফিস কিছু লোক এসে বন্ধ করে দেয়। এমনকি ‘হাসিনা সরকার’ নাম থাকার কারণেও বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
হাসিনা সরকার বলেন, ‘অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে আমাকে গানের অফার দেওয়া হলেও পরে সেটা অন্য শিল্পীদের দিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমি কষ্ট পেয়েছিলাম।’
এই বাউল শিল্পী আরো বলেন, ‘ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের মন্তব্য করেছিলেন। তার ভাষায়, ‘রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারও সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এটা বলা আমার ভুল হয়েছে।’
ভিডিও বার্তায় তিনি আরো উল্লেখ করেন, ‘কিছু অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও প্রকৃত বাউল শিল্পীরা অনেক সময় অবহেলিত হন। তবে তার বক্তব্যে বাউল অঙ্গনের কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।’
