বিয়ের পর আমির-গৌরীর নাচের ভিডিও ভাইরাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
ঘরোয়া আয়োজনে বিয়ে সারার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ের একটি ভিডিও। সেখানে নবদম্পতিকে একসঙ্গে নাচতে, হাসতে এবং অতিথিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে।
ভিডিওটির শুরুতে দেখা যায়, পাশাপাশি বসে আছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। তাদের মাঝখানে বসে রয়েছে গৌরীর আগের সংসারের ছোট ছেলে। ঠিক পেছনের সারিতে বসে আছেন আমিরের ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান। বিয়ের শপথবাক্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা।
এরপর গৌরীর ডান হাতে চুম্বন করেন আমির, যা মুহূর্তেই অনুষ্ঠানের অন্যতম আবেগঘন দৃশ্যে পরিণত হয়।
ভিডিওর আরেক অংশে দেখা যায়, আমির ও গৌরী একসঙ্গে নাচছেন। তাদের আনন্দঘন মুহূর্তে যোগ দেন অনুষ্ঠানে উপস্থিত স্বজন ও বন্ধুরাও। পুরো আয়োজনেই ছিল উচ্ছ্বাস, হাসি আর উদযাপনের আবহ।
ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটি শেয়ার করে তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এরপর থেকেই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভক্তরাও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন আমির ও গৌরীকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোববার (৫ জুলাই) দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
দুপুর ১২টা ৪৫ মিনিটে তারা নিবন্ধনপত্রে স্বাক্ষর করেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।
আমির খান ও গৌরী স্প্র্যাট ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় তাদের বিয়ে হয়েছে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পরিবর্তে নিবন্ধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন জীবন শুরু করেন তারা।
বিয়ের আগে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ‘বিয়েটি খুবই ব্যক্তিগত আয়োজনে হবে। আমার বাড়িতে খুব সাধারণ আয়োজনে রেজিস্ট্রি বিয়ে হবে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা এবং খুব ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।’ শেষ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ীই সম্পন্ন হয়েছে সব আয়োজন।
আমির খান ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও দীর্ঘ সময় যোগাযোগ ছিল না। দুই বছরেরও বেশি আগে আবার যোগাযোগ শুরু হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। চলতি বছরের মার্চে নিজের জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। এরপর গত মাসে বিয়ের সিদ্ধান্তের কথা জানান এই অভিনেতা।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তান—জুনায়েদ ও ইরা। পরে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। সেই সংসারে রয়েছে ছেলে আজাদ। দুই দাম্পত্যেরই বিচ্ছেদ হলেও সন্তানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন আমির। অন্যদিকে, গৌরি স্প্র্যাটেরও আগের সংসারের একটি ছেলে রয়েছে।
