‘অন্তর্বাসের মতো পোশাক’, রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতিকে নিয়ে বিতর্ক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
রাখিবন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ কৃতির পোশাককে ‘অন্তর্বাসের মতো’ বলেও মন্তব্য করেছেন।
সম্প্রতি রাখিবন্ধন উপলক্ষে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে ঘিয়ে রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে ফিনফিনে জ্যাকেট ও স্কার্ট পরা অবস্থায় দেখা যায় কৃতিকে। বিজ্ঞাপন প্রকাশের পর থেকেই তাঁর পোশাক নিয়ে আলোচনা শুরু হয়। রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী একটি উৎসবের বিজ্ঞাপনে এমন পোশাক কতটা উপযুক্ত, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
একজন নেটিজেন মন্তব্য করেন, ‘ভাইয়ের সামনে অন্তর্বাসের মতো পোশাক পরে রয়েছেন কেন? এটা কি রাখিবন্ধন? কপালে তিলকই কোথায়?’ এরপর ওই মন্তব্যকে ঘিরে অন্যরাও কৃতির পোশাকের সমালোচনায় সরব হন।
আরও পড়ুন: ‘বর্ষীয়ান’ অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তনুশ্রী দত্তের
শুধু পোশাক নয়, বিজ্ঞাপনটির নির্মাণ ও ভাবনাকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। সমালোচকদের দাবি, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত রাখিবন্ধনের মতো উৎসবকে কেন্দ্র করে বিজ্ঞাপনে আরও সংযত উপস্থাপনা থাকা উচিত ছিল। কেউ কেউ কৃতির পোশাককে ‘নিম্নরুচির’ ও ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।

বিজ্ঞাপনের আরেকটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। সেখানে কৃতিকে একটি কুকুরের হাতে রাখি বাঁধতে দেখা যায়। বিজ্ঞাপনে পোষ্যটিকে পরিবারের সদস্য হিসেবে তুলে ধরা হয়েছে। তবে এই উপস্থাপনা নিয়েও আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাদের মতে, রাখিবন্ধনের প্রচলিত ঐতিহ্য ও আবহের সঙ্গে এমন দৃশ্য সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে বিজ্ঞাপনটি নিয়ে সবার প্রতিক্রিয়া নেতিবাচক নয়। কৃতির ভক্ত ও পোষ্যপ্রেমীদের অনেকেই বিজ্ঞাপনটির প্রশংসা করেছেন। তাদের মতে, অনেক পরিবারের কাছেই পোষ্যরা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তাই পোষ্যের সঙ্গে রাখিবন্ধনের আবেগঘন সম্পর্ক তুলে ধরার বিষয়টিকে তারা সুন্দর ও ভিন্নধর্মী হিসেবে দেখছেন। কৃতির পোশাক নিয়েও তাদের আপত্তি নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক চললেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি কৃতি স্যানন। ফলে তাঁর পোশাক ও বিজ্ঞাপনের উপস্থাপনা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।
