খুলনায় বিভিন্নস্থানে গুলিবর্ষণ, আওয়ামী লীগ নেতা নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
মো. হালিম। ছবি: সংগৃহীত
খুলনায় এক দিনের ব্যবধানে একের পর এক গুলির ঘটনায় নগরীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টায় নগরী ও আশপাশের এলাকায় সাতটি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. হালিম (৪৫) নিহত হয়েছেন। এ ছাড়া গুলির লক্ষ্যবস্তু হয়েছেন রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারসহ কয়েকজন। তবে অধিকাংশ ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠের পাশে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হালিম। হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। ঠিকাদারি ও ঘের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
হাসপাতালে হালিমের স্বজনেরা জানান, কল্পতরু মার্কেট এলাকায় প্রথমে পেছন থেকে তাঁকে গুলি করা হয়। পরে দুর্বৃত্তরা কাছে গিয়ে আবার গুলি ছোড়ে। তাঁদের দাবি, ছয় রাউন্ড গুলির মধ্যে চারটি তাঁর মাথা ও বুকে লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হালিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এসআরবি ইউনিটের এফএস সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় কয়েকজনের সঙ্গে সাঈদ শিকদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
সদর থানার ওসি লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে কারা এবং কী কারণে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।
মঙ্গলবার দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না। এতে কেউ হতাহত হননি।
এদিকে, চাঁদা দাবির হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে চালু হয় নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই রেস্টুরেন্টটি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি প্রতিষ্ঠানের ওপরের সাইনবোর্ডে লাগে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার সময় ওই এলাকায় পুলিশের একটি দল টহলে ছিল।
মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্ন খলিফার দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় দোকানে ১০ থেকে ১২ জন ছিলেন। তাঁদের কয়েকজন ক্যারম খেলছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানান, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি দোকানের সামনে দাঁড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
এ ছাড়া রাত আনুমানিক ৯টার দিকে নগরীর লবণচরা থানাধীন পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।
লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সেখানকার সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে, মঙ্গলবার রাত ৮টার পর নগরীর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনার খবর পাওয়া গেলেও ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে গুলির খোসা পাওয়া যায়নি, কোনো প্রত্যক্ষদর্শীরও সন্ধান মেলেনি। স্থানীয় কয়েকজন টায়ার ফাটার মতো শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। সেটি গুলির শব্দ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, চলতি বছরের শুরু থেকে ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরীসহ জেলায় ৮১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে মহানগরীতে ৪১ জন এবং জেলার অন্যান্য এলাকায় ৪০ জন।
