বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম
ফাইল ছবি
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চতুর্থ সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের আলোচনায় সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে গ্রেড-১-এ সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর মজুরি বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি গ্রেডে কোনো শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে তার সঙ্গে ন্যূনতম দুই হাজার টাকা যোগ করতে হবে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করে।
তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবে বড় ধরনের ব্যবধান থাকায় সেদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।
