বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
ওমর সানী ও মৌসুমীর বিয়ের ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ৮০’র দশকের ট্রেন্ডে মগ্ন, তখনই চমক দিলেন চিত্রনায়ক ওমর সানী। বরাবরই এ মাধ্যমে সরব চিত্রনায়ক এবার প্রকাশ করলেন তিন দশক পুরোনো ৯০ দশকে তাঁর ও চিত্রনায়িকা মৌসুমীর বিয়ের ছবি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজেদের বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ওমর সানী। ছবিতে নববধূ ও বর সাজে পাশাপাশি বসে থাকতে দেখা যায় ওমর সানী ও মৌসুমীকে। সেই আয়োজনে অভিনেতাকে আংটি পরিয়ে দিচ্ছেন তাঁর শ্বশুর ও শাশুড়ি।
চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ওমর সানীর দাম্পত্য জীবন ৩১ বছর পেরিয়েছে। গেল ২ আগস্ট ছিল এই তারকা দম্পতির বিবাহবার্ষিকী।
ছবিটি ফেসবুকে প্রকাশ করে ওমর সানী লিখেছেন, ‘আমার বিয়ের অনুষ্ঠান তখনকার শেরাটন শাহবাগ। আমাকে আংটি পরিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা, পাশে আমার শ্বশুর সাহেব, একটা মধুর অনুভূতি জীবনের।
আরও পড়ুন: রিমান্ডে ডনের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য
পুরোনো সেই ছবির সঙ্গে জড়িয়ে থাকা আবেগও প্রকাশ করেছেন অভিনেতা। প্রয়াত শ্বশুরকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘এই ছবিতে আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই, বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসা। আর আম্মা শুধু দেখা করার অপেক্ষায়, ঠিক না মৌসুমী।’
১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’সহ আরও বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।
১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান—ফারদিন ও ফাইজা।
এদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের সময় দিচ্ছেন তিনি।

