অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) 'ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাতা ও প্রযোজকেরা তাঁদের চলচ্চিত্রগুলো অস্কার বাংলাদেশ কমিটির কাছে জমা দিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্কার বাংলাদেশ কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
জমা পড়া চলচ্চিত্রগুলো হলো—
রেদোয়ান রনি পরিচালিত ‘দম’
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’
মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপী’
নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’
জমা পড়া চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও ছবি বাছাইয়ের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচিকে চেয়ারম্যান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে একাডেমি (অস্কার) কর্তৃপক্ষ এই কমিটির অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: ‘ঈশ্বর যেন পুরুষদেরও পিরিয়ড হওয়ার ব্যবস্থা করেন!’
নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কমিটির সদস্যরা প্রতিটি সিনেমা পর্যালোচনা করবেন এবং যৌথ আলোচনার মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি চলচ্চিত্র চূড়ান্ত করবেন।
সব প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর অস্কারের জন্য মনোনীত চূড়ান্ত চলচ্চিত্রটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই সম্পূর্ণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।
