সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা মারলেন আসিফ?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ দিয়ে পরিচিত ভারতীয় অভিনেতা আসিফ খান ‘বিগ বস ২০’-এ একটি মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন। পুরুষত্ব ও গোঁফ প্রসঙ্গে তার একটি বক্তব্য ঘিরে শোয়ের ভেতরে যেমন আপত্তি উঠেছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে সমালোচনা।
সম্প্রতি ‘বিগ বস ২০’-এর ক্যাপ্টেন্সি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে আলোচনা চলছিল। এ সময় গুল্লু নামে এক প্রতিযোগী অভিযোগ করেন, ইয়াং ডিএসই নিজের দলের সদস্যদের গোঁফ নিজের পছন্দ অনুযায়ী ঠিক করিয়ে দিচ্ছেন।
এর জবাবে আসিফ খান রাজস্থানের সংস্কৃতির প্রসঙ্গ টেনে গোঁফকে পুরুষ পরিচয়ের সঙ্গে যুক্ত করেন। তিনি বলেন, তারা রাজস্থান থেকে এসেছেন এবং গোঁফ তাদের পরিচয়ের অংশ। তার দাবি, যাদের গোঁফ নেই, তাদের তারা পুরুষ হিসেবে বিবেচনা করেন না। এ কারণেই তারা দাড়ি-গোঁফ নির্দিষ্টভাবে রাখেন।
আসিফের এই মন্তব্যের পরই শোয়ের অন্য প্রতিযোগীরা আপত্তি জানান। তাদের বক্তব্য, সমাজের অনেক পুরুষেরই গোঁফ থাকে না। এ সময় তারা উদাহরণ হিসেবে ‘বিগ বস’-এর সঞ্চালক ও অভিনেতা সালমান খানের কথাও উল্লেখ করেন, কারণ সালমানকে সব সময় গোঁফসহ দেখা যায় না।
অন্য এক প্রতিযোগীও আসিফের বক্তব্যের বিরোধিতা করেন। তার ভাষ্য, একজন পুরুষকে শুধু বাহ্যিক চেহারা দিয়ে বিচার করা উচিত নয়; বরং পরিবারের প্রতি দায়িত্বশীলতা ও সবাইকে একসঙ্গে আগলে রাখার মধ্যেই প্রকৃত পুরুষত্বের পরিচয় পাওয়া যায়।
এদিকে আসিফের মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। নেটিজেনদের একাংশ মনে করছেন, গোঁফ ও পুরুষত্ব নিয়ে কথা বলার মাধ্যমে আসিফ পরোক্ষভাবে অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানকেও ইঙ্গিত করেছেন। যদিও আসিফ তার বক্তব্যে সালমান খানের নাম সরাসরি উল্লেখ করেননি।
এ মন্তব্যকে ঘিরে ‘বিগ বস ২০’-এর পরবর্তী পর্বগুলোতে নতুন কোনো বিতর্ক তৈরি হয় কি না, সেদিকেই এখন নজর দর্শকদের।
