চরম তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
পশ্চিম ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও স্পেনের কোটি কোটি মানুষ চরম গরমে দুর্ভোগ পোহাচ্ছেন। আবহাওয়া দপ্তরগুলোর পূর্বাভাস অনুযায়ী, শিগগিরই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে বেশি তাপপ্রবাহের প্রভাব পড়েছে ফ্রান্সে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির বিভিন্ন স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
জার্মানিতেও তাপপ্রবাহ শুরু হয়েছে, তবে পরিস্থিতি ফ্রান্সের মতো ভয়াবহ নয়। দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা সপ্তাহান্তে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনায় কিছু অঞ্চলের জন্য সতর্কতা জারি করেছেন। খবর এএফপির।
অন্যদিকে যুক্তরাজ্যে তাপমাত্রা মহাদেশীয় ইউরোপের তুলনায় কিছুটা কম থাকলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইংল্যান্ড ও ওয়েলস তাদের ইতিহাসের অন্যতম উষ্ণতম বসন্তকাল পার করছে।
বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম আবহাওয়া পরিস্থিতি আরো ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। এর ফলে তাপপ্রবাহ, খরা ও বন্যার মতো দুর্যোগের মাত্রাও বাড়ছে।
আরো পড়ুন : ইরানকে ফের ৬০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
বিশেষজ্ঞরা বলছেন, অনেক মানুষের জন্য এটি চলতি বছরের দ্বিতীয় বড় তাপপ্রবাহ। ফলে পশ্চিম ইউরোপের কয়েক কোটি বাসিন্দার জন্য গ্রীষ্মকাল শুরু হচ্ছে চরম তাপমাত্রার আরেকটি ধাপ দিয়ে। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও স্পেন সতর্কতার মাত্রা বাড়িয়েছে।
ব্রিটেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল রেকর্ড করা হয়েছিল ১৯৭৬ সালে। চলতি বছরের জুনে সেই রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা প্রায় ৪০ শতাংশ।
ব্রিটিশ আবহাওয়া দপ্তরের কর্মকর্তা অ্যালেক্স ডিকিন এএফপিকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা তাপমাত্রার আরো চরম ওঠানামা দেখছি। ফলে সাম্প্রতিক গ্রীষ্মগুলো আগের চেয়ে অনেক বেশি উষ্ণ হচ্ছে এবং বর্ষাকালে অস্বাভাবিক বৃষ্টিপাতও বাড়ছে।
বর্তমান তাপপ্রবাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। ১৯০০ সাল থেকে আবহাওয়ার রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর এবার দেশটি সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের অন্যতম একটি সময় পার করছে। প্যারিসের উত্তপ্ত রাস্তায় সাধারণ মানুষ গরম থেকে বাঁচতে নানা উপায় খুঁজছেন। রাজধানীর বাসিন্দা প্যাট্রিসিয়া পিয়েরো এএফপিকে জানান, অতিরিক্ত গরমের কারণে তিনি বাসে যাতায়াত প্রায় বন্ধ করে দিয়েছেন।
অবসরপ্রাপ্ত এই নারী বলেন, এটা সত্যিই খুব অস্বস্তিকর। বাসের ভেতর দমবন্ধ লাগে। আমার মনে হয় মেট্রো তুলনামূলকভাবে কিছুটা ভালো।
