×

ইউরোপ

চরম তাপপ্রবাহে পুড়ছে স্পেন, তাপমাত্রা ৪৫ ডিগ্রির শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

চরম তাপপ্রবাহে পুড়ছে স্পেন, তাপমাত্রা ৪৫ ডিগ্রির শঙ্কা

ছবি : সংগৃহীত

আগামী মঙ্গলবার (২১ জুলাই) থেকে চলতি গ্রীষ্মের তৃতীয় তাপপ্রবাহের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, এই সময়ে স্পেনের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। এমনকি কয়েকটি এলাকায় পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘস্থায়ী উচ্চচাপ বলয়ের প্রভাবে উত্তর আফ্রিকা থেকে আসা শুষ্ক ও অত্যন্ত উষ্ণ বায়ু দেশটির ওপর স্থির হয়ে থাকবে। এর ফলে কয়েকদিন ধরে তীব্র গরম বিরাজ করবে এবং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা অনুভূত হবে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ জুলাই পর্যন্ত তাপপ্রবাহের তীব্রতা ধীরে ধীরে বাড়বে। বিশেষ করে বৃহস্পতিবার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে। ওই দিন স্পেনের কিছু বিচ্ছিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, দিনের মধ্যভাগে গরমের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। ফলে নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিকসহ যারা খোলা আকাশের নিচে কাজ করেন, তাদের জন্য স্বাস্থ্যঝুঁকি অনেক বেড়ে যাবে। একই সঙ্গে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষদেরও বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : ইউরোপের তাপপ্রবাহ: জুনের শেষ ৮ দিনে প্রাণ গেল ১০ হাজার

চলতি গ্রীষ্মে এর আগেও দু'দফা তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছিল স্পেন। প্রথমটি আঘাত হানে জুনের শেষ দিকে, যা ইউরোপজুড়ে অতীতের বহু তাপমাত্রার রেকর্ড ভেঙে দেয়। এরপর জুলাইয়ের শুরুতে দ্বিতীয় দফা তাপপ্রবাহ দেশটির বিভিন্ন অঞ্চলে চরম দুর্ভোগ সৃষ্টি করে।

গত মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৯৬১ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর এবারের গ্রীষ্মের প্রথমার্ধই স্পেনের মূল ভূখণ্ডে সবচেয়ে উষ্ণ হিসেবে রেকর্ড হয়েছে। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশটির গড় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সালের একই সময়ের গড় তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রির তুলনায় ৩ দশমিক ৩ ডিগ্রি বেশি।

বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা, স্থায়িত্ব এবং পুনরাবৃত্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। দীর্ঘদিনের অতিরিক্ত গরমে বনভূমি ও গাছপালা দ্রুত শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকিও ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে।

এরই মধ্যে চলতি মাসের শুরুতে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী দাবানলের ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানিয়েছে স্পেনের কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App