প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: সংগৃহীত
সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় মোট প্রায় ২৪ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ১ হাজার ৬২০টি কেন্দ্রে মোট ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ৩ হাজার ৬৭১ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫ জন, যশোর বোর্ডে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত কুরআন মাজিদ পরীক্ষায় ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪৯৮ জন অনুপস্থিত ছিলেন। এ বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৫ দশমিক ২৮ শতাংশ।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা-২ পরীক্ষায় ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৬৭ শতাংশ।
পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বোর্ডে একজন, যশোর বোর্ডে দুজন, দিনাজপুর বোর্ডে একজন এবং ময়মনসিংহ বোর্ডে একজন রয়েছেন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে একজন এবং কারিগরি শিক্ষা বোর্ডে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কোনো কক্ষপরিদর্শক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেনি।
সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষায় সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২৪ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং সাতজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
