রাস্তার জমি নিয়ে বিরোধ, পিটুনিতে স্কুলশিক্ষক নিহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়ির রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে। তিনি চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়া মোল্লাপাড়া গ্রামের মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তার জমি নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান ও তাঁর সহযোগীদের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। রোববার দুপুরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে শিক্ষক মনোরঞ্জন রায় সেখানে উপস্থিত হন। এ সময় তাঁকে লাঠি ও সজনে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে তিনি পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পার্বতীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামানকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পার্বতীপুর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ সহকারী পরিদর্শক (এএসআই) লাবনী বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
