ভিনিসিয়ুসের জোড়া গোলে গ্রুপসেরা ব্রাজিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি : সংগৃহীত
ব্রাজিলের প্রতিটি আক্রমণেই যেন উচ্ছ্বাসে ফেটে পড়ছিল নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোজের ফিফা ফ্যান জোন। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে উজ্জীবিত হয়ে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর গ্রুপসেরা হওয়া নিয়ে নানা সমীকরণ থাকলেও শেষ ম্যাচে দাপুটে জয়েই শীর্ষস্থান নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৭৮ বছর বয়সী ব্রাজিলিয়ান সমর্থক এলিনো স্ত্রীকে সঙ্গে নিয়ে খেলা দেখতে এসেছিলেন। ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ব্রাজিলের জয় আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। ভিনিসিয়ুস এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। তার ৭০ বছর বয়সী স্ত্রীও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। ভিনিসিয়ুসের একটি গোল ফাউলের কারণে বাতিল না হলে তিনি হ্যাটট্রিকও করতে পারতেন। এ ছাড়া আরো কয়েকটি সুযোগ নষ্ট করেছেন এই ফরোয়ার্ড। ম্যাচটির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল কোচ কার্লো আনচেলত্তির অধীনে নেইমার জুনিয়রের মাঠে ফেরা। শেষ ১৫ মিনিটে খেলতে নেমে নেইমার একাধিকবার গোলের চেষ্টা করেন এবং সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন।
ব্রাজিলের ছন্দময় ফুটবলে মুগ্ধ সমর্থক মিলিতো বলেন, দলটি অসাধারণ খেলেছে। ব্যবধান আরো বড় হতে পারত। আমরা এই ধারাবাহিকতাই দেখতে চাই।
আরো পড়ুন : মেসি-রোনালদোর রেকর্ডসহ দ্বিতীয় রাউন্ডের সেরা ১০ ঘটনা
স্কটল্যান্ড মরক্কোর বিপক্ষে ভালো লড়াই করলেও ব্রাজিলের বিপক্ষে শুরুতেই বিপাকে পড়ে। ম্যাচের সপ্তম মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি আক্রমণ করলেও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারের দৃঢ়তায় গোলের দেখা পায়নি স্কটিশরা।
বর্তমানে নিউইয়র্ককে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে ব্রাজিল দল। মায়ামিতে ম্যাচ খেলে তারা আবার নিউইয়র্কে ফিরবে। সমর্থকেরা আশা করছেন, শেষ ৩২-এর ম্যাচ জিতে দলটি প্রাক্-কোয়ার্টার ফাইনালে উঠবে। তারা জানান, ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় পরের ম্যাচ হবে হিউস্টনে। সেই ম্যাচ জিতলে প্রাক্-কোয়ার্টার ফাইনাল হবে নিউজার্সিতে। নিজেদের শহরে ব্রাজিলের আরেকটি ম্যাচ দেখতে চাই।
‘সি’ গ্রুপের তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষস্থান অর্জন করে নকআউট পর্বে উঠেছে। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় মরক্কো দ্বিতীয় স্থানে রয়েছে। নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল শেষ ৩২-এ যথাক্রমে ‘এফ’ গ্রুপের রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। সেই হিসেবে পরবর্তী পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে জাপানের।
