আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘কালা জাদু’ করে চলতি বিশ্বকাপে আলোচনায় এসেছিলেন ঘানার তান্ত্রিক নানা কোয়াকু বোনসাম। এরপর আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে তুমুল চর্চায় এখন এই তান্ত্রিক। তার দাবি, কেপ-ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ঘানার বিতর্কিত ও স্বঘোষিত এ আধ্যাত্মিক ব্যক্তিত্ব কোয়াকু বোনসাম এবার ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো আরেক ভবিষ্যদ্বাণী করেছেন। বোনসামের দাবি, এবারের ২০২৬ বিশ্বকাপ ট্রফিটি উঠতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পর্তুগালের হাতে। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে এ খবরটি প্রকাশ করেছে।
ফুটবল মাঠের লড়াই শুরু হওয়ার আগেই নাকি আধ্যাত্মিক জগতে এই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। বোনসামের ভবিষ্যদ্বাণী, এবারের বিশ্বকাপটি রোনালদো এবং পর্তুগালের, তারাই জিতবে। তার দাবি, পর্তুগাল ইতোমধ্যে ‘আধ্যাত্মিক জগতে’ এই টুর্নামেন্ট জিতে নিয়েছে। তাই রোনালদো পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ ফুটবল বিধাতা এবার তার জন্য ‘সেই মাহেন্দ্রক্ষণ’ নির্ধারণ করে রেখেছেন। বোনসামের এমন মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বোনসাম। ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, কেইনকে থামাতে তিনি ‘কালা জাদু’ (অভিশাপ) করছেন।
ব্রিটিশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি আগে কী করতে পারি তা দেখিয়েছি, তাই তাকে (কেইন) থামাতে আমার কী করতে হবে তা ভালো করেই জানা আছে।
কাকতালীয়ভাবে, ঘানার বিরুদ্ধে সেই ম্যাচটিতে ইংল্যান্ড গোলশূন্য (০-০) ড্র করে এবং কেইন গোল করতে ব্যর্থ হন। এরপরই ভক্তদের মাঝে বোনসামের মন্তব্য নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। তবে ম্যাচ শেষে হ্যারি কেইনের প্রতি দেওয়া কথিত সেই ‘অভিশাপ’ তুলে দেন এই ঘানাইয়ান ওঝা। কেইনের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নন। আমার একটি সন্তান হতে যাচ্ছে, যার নাম আমি হ্যারি কেইনের নামানুসারে রাখব।’ এমনকি ঘোষণা দেন, তিনি কেইনকে আধ্যাত্মিক ‘বন্ধন’ থেকে মুক্ত করে দিচ্ছেন যাতে পরবর্তী ম্যাচে কেইন গোল করতে পারেন!
কে এই কোয়াকু বোনসাম?
ঘানার রাজধানী আক্রায় তিনটি উপাসনালয় (আস্তানা) পরিচালনা করা নানা কোয়াকু বোনসাম দেশটির অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব। নিজেকে আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত ও কবিরাজ দাবি করা বোনসাম মানুষকে আধ্যাত্মিক পরামর্শ ও ভেষজ চিকিৎসা দিয়ে থাকেন।
ফুটবল ভক্তদের কাছে তার এই পরিচিতি অবশ্য নতুন কিছু নয়। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তিনি হইচই ফেলে দিয়েছিলেন। সেবার ঘানার মুখোমুখি হওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো যে ইনজুরিতে পড়েছিলেন, তার পেছনে নিজের আধ্যাত্মিক হাত রয়েছে বলে দাবি করেছিলেন বোনসাম।
১২ বছর আগে রোনালদোকে ইনজুরিতে ফেলে আটকে দিতে চাওয়া সেই বোনসামই এবার ২০২৬ বিশ্বকাপে এসে রোনালদোর হাতেই ট্রফি দেখছেন।
