×

আইন-বিচার

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িত অন্যদের শনাক্ত এবং প্রয়োজনীয় আলামত উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এদিন দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সুরতহাল করার সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

পরে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেন, নিহত সাউরি তার সিনিয়র বড় ভাই ছিলেন।

আরও পড়ুন: একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

রিমান্ড আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি, তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

রিমান্ড চাওয়া হয় যেসব কারণে 

রিমান্ড আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো— হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও উদ্দেশ্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত এবং মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামত উদ্ধার, নিহত সাবেক বিমানবাহিনী কর্মকর্তার ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা।

শুনানিকালে দীপকে এজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

অবশেষে সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

রাজধানীর নামকরা ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল

রাজধানীর নামকরা ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App