বিশ্বকাপ জিতলেই চাঁদে ফুটবল পাঠাবে নাসা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
মার্কিন ফুটবলারদের জন্য এখন আর বিশ্বকাপ জয়ের পুরস্কার শুধু ট্রফিতেই সীমাবদ্ধ থাকছে না, এবাবারের বিশ্বকাপে যোগ হচ্ছে নতুন চমক। বিশেকাপ জয়ীদের জন্য এবার ট্রফির পাশাপাশি তাদের একটি ফুটবলকে পাঠানো হবে চাঁদে! নাসার মহাকাশ বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে এমনই এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা যায়।
নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন। মার্কিন ফুটবলারদের উদ্দেশে তার বার্তা ছিল, ‘চ্যালেঞ্জটা তোমাদের জন্য। বিশ্বকাপ জেতো। বাকিটা আমরা দেখছি।’
বিশ্বকাপ উপলক্ষে নাসা এরই মধ্যে একটি ফিফার অফিশিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছে। তবে আইজ্যাকম্যান বলছেন, ‘যুক্তরাষ্ট্র যদি সত্যিই বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাহলে সেই ফুটবল আরো অনেক দূর-চাঁদে নিয়ে যাওয়া হবে।’
অবশ্য সেটি শুধু প্রতীকী সফরই হবে না। নাসার পরিকল্পিত চাঁদের ঘাঁটির জন্য যেসব বৈজ্ঞানিক যন্ত্রপাতি পাঠানো হবে, ফুটবলটিও সেই পেলোডের অংশ হিসেবেই যাবে।
শিরোপার লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের হয়ে ৪৫তম মিনিটে গোল করেন ফোলারিন বালোগান এবং ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলমান। তবে ৬৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগান। এরপরও জয় ধরে রেখে শেষ ষোলোতে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় সিয়াটলে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।
