ভোজিনহার হাতেই মেসিদের ইতি!
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে আর্জেন্টিনাকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ঘানার এক তান্ত্রিক। তিনি দাবি করেছেন, শেষ ৩২-এর ম্যাচেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় দেবে কেপ ভার্দে।
বিশ্বকাপের নকআউট পর্বকে সামনে রেখে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলো নিয়ে যখন ফুটবলপ্রেমীদের আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় উঠে এসেছে ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সামের একটি মন্তব্য।
এক সাক্ষাৎকারে বোন্সাম দাবি করেন, শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। তবে তিনি কী ভিত্তিতে এমন পূর্বাভাস দিয়েছেন বা এ ক্ষেত্রে কোনো অতিপ্রাকৃত পদ্ধতির আশ্রয় নেবেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এর আগেও বোন্সাম আলোচনায় এসেছিলেন ইংল্যান্ড ও ঘানার ম্যাচকে ঘিরে। সে সময় তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেন ওই ম্যাচে গোল করতে পারবেন না। পরে ম্যাচটিতে কেন গোল করতে না পারায় তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। তবে এ ধরনের দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য প্রমাণ নেই।
এদিকে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে কেপ ভার্দে নিজেদের রক্ষণভাগের দৃঢ়তা দিয়ে নজর কেড়েছে। দলটি স্পেন ও সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে এবং উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা নিয়ে গ্রুপ পর্ব শেষ করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, নকআউট পর্বে যেকোনো ফল সম্ভব হলেও ম্যাচের ফল নির্ধারণ হবে মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে। বোন্সামের ভবিষ্যদ্বাণীকে অনেকেই কেবল ব্যক্তিগত দাবি হিসেবেই দেখছেন।
