বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ আটের লড়াই শুরু হচ্ছে আজ। এই পর্বকে সামনে রেখে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা তাদের সর্বশেষ সুপার কম্পিউটার পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে।
অপটার বিশ্লেষণ অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ফরাসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৭৩ দশমিক ৮৮ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৬ দশমিক ১২ শতাংশ।
স্পেনও শেষ চারে ওঠার লড়াইয়ে বেশ এগিয়ে। বেলজিয়ামের বিপক্ষে তাদের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৬৯ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে বেলজিয়ামের সম্ভাবনা ৩০ দশমিক ৩০ শতাংশ।
নরওয়ে ও ইংল্যান্ডের ম্যাচকে তুলনামূলকভাবে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছে অপটার সুপার কম্পিউটার। তারপরও ইংল্যান্ডকে এগিয়ে রাখা হয়েছে। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২ দশমিক ৩৫ শতাংশ, বিপরীতে নরওয়ের সম্ভাবনা ৩৭ দশমিক ৬৫ শতাংশ।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকায়। সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৩০ দশমিক ৮৭ শতাংশ।
তবে অপটার এই পূর্বাভাস কেবল পরিসংখ্যান ও সম্ভাবনার ভিত্তিতে তৈরি। শেষ পর্যন্ত কোন চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে, তা নির্ধারণ হবে মাঠের পারফরম্যান্সেই।
