×

ফুটবল

স্পেন-আর্জেন্টিনা ফাইনালে নজরে থাকবে যে তিন লড়াই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:২০ এএম

স্পেন-আর্জেন্টিনা ফাইনালে নজরে থাকবে যে তিন লড়াই

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন ও আর্জেন্টিনা। নিউ জার্সির মঞ্চে আগামী ৯০ মিনিটেই নির্ধারণ হবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। তবে ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মাঠের কয়েকটি ব্যক্তিগত লড়াই। তার মধ্যে সবচেয়ে আলোচিত তিনটি দ্বৈরথ তুলে ধরা হলো।

রদ্রি বনাম এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি। চোট কাটিয়ে ফেরার পর তিনি আবারও নিজের সেরা ছন্দে ফিরেছেন। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঝমাঠে আধিপত্য বিস্তার করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

রদ্রিকে থামানোই হবে আর্জেন্টিনার অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই দায়িত্ব পড়বে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর। শুরু থেকেই তারা যদি রদ্রির ওপর চাপ ধরে রাখতে পারেন, তাহলে স্পেনের খেলার গতি কমিয়ে আনা সম্ভব হবে। কিন্তু রদ্রি যদি সময় ও জায়গা পান, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ সহজেই নিজের হাতে নিয়ে নিতে পারেন।

আক্রমণেও এনজো ও ম্যাক অ্যালিস্টারের অবদান গুরুত্বপূর্ণ। এনজো পুরো টুর্নামেন্টে ধারাবাহিক না হলেও মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে মূল্যবান গোল করেছেন। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে দুইবার পোস্টে বল মেরে নিজের আক্রমণাত্মক উপস্থিতির জানান দেন ম্যাক অ্যালিস্টার।

উনাই সিমন বনাম এমিলিয়ানো মার্তিনেজ

পরিসংখ্যান বলছে, এবারের বিশ্বকাপে গোলরক্ষক হিসেবে এগিয়ে আছেন স্পেনের উনাই সিমন। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র একটি গোল হজম করেছেন।

অন্যদিকে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ সাতটি গোল খেয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর আর কোনো ক্লিন শিটও রাখতে পারেননি।

তবে বড় ম্যাচের অভিজ্ঞতায় মার্তিনেজ সবসময়ই ভরসার নাম। গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত সেভ কিংবা প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করার দক্ষতা তাকে আলাদা করে তোলে।

উনাই সিমনকে এ পর্যন্ত খুব বেশি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। কারণ স্পেনের রক্ষণভাগ ছিল বেশ শক্তিশালী। তবে ফাইনালে টুর্নামেন্টের অন্যতম সেরা আক্রমণভাগের বিপক্ষে তাকেই দিতে হবে সবচেয়ে কঠিন পরীক্ষা।

মিকেল ওইয়ারসাবাল বনাম হুলিয়ান আলভারেজ

দুজন সরাসরি একে অপরকে মার্ক করবেন না। তবে নিজেদের দলের আক্রমণে দুজনের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কে বেশি কার্যকর হতে পারবেন, সেটি ম্যাচের ফলেও বড় প্রভাব ফেলতে পারে।

স্পেনের মিকেল ওইয়ারসাবাল দারুণ ছন্দে আছেন। সৌদি আরব ও অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করেন। এছাড়া ইউরো ২০২৪-এর ফাইনালে তার করা গোলেই শিরোপা জিতেছিল স্পেন।

আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ এখনও প্রত্যাশিত ধারাবাহিকতা দেখাতে পারেননি। চোট কাটিয়ে ফিরলেও পুরোপুরি ছন্দে নেই। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে করা দারুণ গোলটি তার সামর্থ্যের প্রমাণ।

এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সামনে রয়েছে একাদশ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করা লাউতারো মার্তিনেজ আবারও শুরুর একাদশে ফেরার জোর দাবি জানিয়েছেন।

বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে স্পেনের হয়ে ওইয়ারসাবাল কিংবা আর্জেন্টিনার হয়ে আলভারেজ বা লাউতারো- কারা নিজেদের সেরা খেলাটি উপহার দিতে পারবেন, সেটিই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে ২০২৬ বিশ্বকাপের শিরোপা কোন দলের হাতে উঠবে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চেক ডিজঅনার মামলায় কারাগারে রিজেন্টের সাহেদ

চেক ডিজঅনার মামলায় কারাগারে রিজেন্টের সাহেদ

হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়া

হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়া

সংসদ ভবনের কাছে ককরোচ পার্টি, উত্তপ্ত দিল্লি

সংসদ ভবনের কাছে ককরোচ পার্টি, উত্তপ্ত দিল্লি

ফাইনাল ম্যাচ দেখার সময় আতশবাজির বিস্ফোরণ, দগ্ধ ৪

ফাইনাল ম্যাচ দেখার সময় আতশবাজির বিস্ফোরণ, দগ্ধ ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App