×

ফুটবল

মেসি জাদুতে ইন্টার মায়ামির বড় জয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম

মেসি জাদুতে ইন্টার মায়ামির বড় জয়

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শেষে ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের জোড়া গোল ও একটি অ্যাসিস্টে লিগস কাপের প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মায়ামির চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ মিনিটে রোমান তোরেসের বাড়ানো বল থেকে গোল করে আতলেতিকো দে সান লুইসকে এগিয়ে দেন ডেভিড রদ্রিগেস।

তবে পিছিয়ে পড়ার মাত্র সাত মিনিট পরই সমতায় ফেরে ইন্টার মায়ামি। ১১তম মিনিটে নোয়া অ্যালেনের পাস থেকে দারুণ এক শটে গোল করেন মেসি। বিশ্বকাপ শেষে ক্লাবের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।

২৬তম মিনিটে আবারও অ্যালেনের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। প্রথমার্ধের শেষদিকে একই জুটির আরেকটি আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ৪৪তম মিনিটে অ্যালেনের নিখুঁত পাস জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির কর্নার থেকে গোল করেন মিকায়েল। ফলে বিরতিতে ৪-১ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এদিন দুই গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন মেসি, আর তিনটি গোলেই সহায়তা করেন নোয়া অ্যালেন।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে রাফায়েল ইয়োরেন্তে গোল করে ব্যবধান কমালেও ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি আতলেতিকো দে সান লুইস। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই লিগস কাপ অভিযান শুরু করে ইন্টার মায়ামি।

বিশ্বকাপের পর আগের ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে গোল বা অ্যাসিস্টের দেখা পাননি মেসি। তবে এবার শুরুর একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে আবারও নিজের সেরা ছন্দে ফেরার বার্তা দিলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।

লিগস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার মেক্সিকোর আরেক ক্লাব মনতেরের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও স্বর্ণের দামে বড় লাফ

আবারও স্বর্ণের দামে বড় লাফ

মেসি জাদুতে ইন্টার মায়ামির বড় জয়

মেসি জাদুতে ইন্টার মায়ামির বড় জয়

উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

কীভাবে কাটবেন জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট

কীভাবে কাটবেন জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App