টিভি সিরিজে পা রাখলেন মেসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম
ছবি : সংগৃহীত
ফুটবল মাঠের পর এবার অ্যানিমেটেড জগতেও দেখা যাবে লিওনেল মেসিকে। আর্জেন্টাইন ফুটবল তারকার নির্বাহী প্রযোজনায় নির্মিত অ্যানিমেটেড স্পোর্টস-ফ্যান্টাসি সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর প্রথম টিজার প্রকাশ করা হয়েছে।
স্পেনের সান দিয়েগো কমিক-কন মালাগায় টিজারটি প্রথমবারের মতো ভক্তদের সামনে উন্মোচন করা হয়। সেখানে তিন হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন।
টিজারে দেখা যায়, ১২ বছর বয়সী কিশোর লিও হঠাৎ কম্পিউটার স্ক্রিনের ভেতরে ঢুকে পড়ে এবং দৈত্যদের নিয়ন্ত্রিত এক বিকল্প জগতে আটকা পড়ে। সেই জগতের নাম ‘ইকো’। সেখান থেকে বাড়ি ফিরতে তাকে নানা ধরনের ফুটবলসদৃশ প্রতিযোগিতায় অংশ নিতে হয় এবং কিংবদন্তি দৈত্যদের মোকাবিলা করতে হয়।
সাধারণ খেলোয়াড়দের মতো লিও ওই জগতের বিশেষ ‘কোড পাওয়ার’ ব্যবহার করতে পারে না। তাই নিজের দক্ষতা, দলগত বোঝাপড়া ও দৃঢ়তার ওপর নির্ভর করেই তাকে কঠিন সব লড়াইয়ে জয়ী হতে হবে।
সিরিজের প্রধান চরিত্র লিওর কণ্ঠ দিয়েছেন আর্জেন্টাইন অভিনেতা মাইলো বার্জেস-ওয়েব। টিজারে রয়েছে আর্জেন্টাইন শিল্পী লাক রার গাওয়া নতুন থিম সং ‘ভামোস, ভামোস, ভামোস’।
‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’ বিশ্বব্যাপী ২০২৭ সালের গ্রীষ্মে ডিজনি প্লাসে মুক্তি পাবে। একই সময়ে যুক্তরাষ্ট্রে সিরিজটি ডিজনি চ্যানেলেও প্রচারিত হবে।
