অর্থমন্ত্রী
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সংস্কারের সময়সূচি ও বাস্তবায়নের ধাপ সরকারই নির্ধারণ করবে, আর এ বিষয়ে আইএমএফ ইতিবাচক অবস্থান নিয়েছে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির নীতিগত কাঠামো এবং বাস্তবায়নের ভিত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আইএমএফ কিছু সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জনগণের স্বার্থ বিবেচনায় কোন সংস্কার কখন কার্যকর করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতার বিষয়টি আইএমএফ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকারের নিজস্ব পরিকল্পনাকে সম্মান জানাচ্ছে।
বৈঠকে দেশের আর্থিক খাতের সাম্প্রতিক অগ্রগতিরও প্রশংসা করেছে আইএমএফ। বিশেষ করে পুঁজিবাজারের উন্নয়ন এবং কর-জিডিপি অনুপাত বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব ক্ষেত্রে আরও অগ্রগতি প্রয়োজন বলেও সংস্থাটি মত দিয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন ঋণ কর্মসূচির কাঠামো চূড়ান্ত করতে আলোচনা আগামী দিনগুলোতেও চলবে। এ বিষয়ে আগামী অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আইএমএফের ওই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলেও তিনি জানান।
