আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত
‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো’- পরিবারের কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণাই এখন সামিরা খান মাহির সবচেয়ে বড় শক্তি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পর এবার তার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা। আত্মবিশ্বাসী মাহির প্রত্যয়, তিনি জিতলে জিতবে বাংলাদেশও।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
মাহির এই বক্তব্যে শুধু ব্যক্তিগত সাফল্যের স্বপ্ন নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য সম্মান বয়ে আনার প্রত্যাশাও উঠে এসেছে। তার কাছে এই প্রতিযোগিতা এখন কেবল নিজের সৌন্দর্য কিংবা যোগ্যতা প্রমাণের লড়াই নয়; বরং বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরার একটি বড় সুযোগ।
ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহির সামনে এবার নতুন চ্যালেঞ্জ। দেশের মঞ্চে বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়তে হবে তাকে। সেই লড়াইয়ে মাহি কতটা এগিয়ে যেতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে তার শুভাকাঙ্ক্ষীরা।
