অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধের চার ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ রবিবার বেলা ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আবারও অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধিকে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে ওই বৈঠকে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলও উপস্থিত থাকবেন। সেখানেই বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।
বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও অবরোধ কর্মসূচি দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম জানালেন, বিএনপি নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সকাল ৭টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
আজ সকালে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
স্থানীয়রা জানিয়েছেন, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম, কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়নটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়। শুরু থেকেই বাসুদেব ইউনিয়নবাসী এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে তাদের দাবি পূরণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নকে কেন্দ্র করে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। প্রস্তাবিত উপজেলার নামও বরিশল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তার আবেদনের ভিত্তিতে সম্প্রতি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
