লোকসভায় প্রতিবেদন
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম
ভারতের পার্লামেন্ট ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার আনুষ্ঠানিক অনুরোধ খতিয়ে দেখার সুপারিশ করেছে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে আন্তর্জাতিক দায়বদ্ধতা ও ভারতের নীতিগত অবস্থান বজায় রেখে বিষয়টি বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) লোকসভায় ‘ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক নবম প্রতিবেদন উপস্থাপন করে কমিটি। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত দেশটির মানবিক ঐতিহ্যের অংশ। অস্তিত্বের সংকট বা চরম দুর্দশায় থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের নীতির আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধও যথাযথভাবে পর্যালোচনা করা উচিত বলে মত দিয়েছে কমিটি।
আরো পড়ুন: ‘চীন ইরানকে অস্ত্র দিলে আমি খুবই হতাশ হবো’
প্রতিবেদনে ভারত সরকারের অবস্থান তুলে ধরে বলা হয়েছে, ভারতের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এই নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। একই কারণে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়নি এবং ভারতের মাটি থেকে রাজনৈতিক কার্যক্রম বা বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বাংলাদেশে ভারতীয় ভিসা সেবা সীমিত হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। নিরাপত্তাজনিত বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরে তারা বলেছে, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে ভিসা সেবা স্বাভাবিক থাকা গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ভিসা কার্যক্রম সীমিত থাকলে তা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কমিটি পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে বাংলাদেশে ভিসা সেবা স্বাভাবিক করার সুপারিশ করেছে। পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ভ্রমণকারীদের দুর্ভোগ কমাতে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলারও পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা এবং অভিযোগ নিষ্পত্তি সহজ হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকে কনস্যুলার কর্মীদের সরিয়ে নেয় ভারত। এরপর থেকেই দেশটিতে ভিসা সেবা সীমিত আকারে পরিচালিত হচ্ছে।
আরো পড়ুন: পাকিস্তানে কয়লাখনির বিস্ফোরণে নিহত ৩২
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই চিকিৎসার উদ্দেশ্যে ইস্যু করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ভিসা কেন্দ্রের সংখ্যা বা দৈনিক ভিসা ইস্যুর পরিমাণ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
