রাস্তা থেকে গরু সরাতে অমানবিকতা, পুলিশ সদস্যকে অব্যাহতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৮:১১ এএম
ছবি : প্রতীকী
আবাসিক এলাকার রাস্তার মাঝখান দিয়ে একটি গরু আপন মনে হেঁটে বেড়াচ্ছিল। সেটিকে সরাতে উদ্যোগ নেয় পুলিশ। কিন্তু এ কাজে অত্যন্ত অমানবিকতার পরিচয় দেন এক পুলিশ সদস্য। দুই বার গরুটিকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা দেন তিনি।
ওই ঘটনার ভিডিও ভাইরালের পর অভিযুক্ত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের একটি শহরে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে রবিবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে সুরি পুলিশ। তারা ওই কাজের কারণও ব্যাখ্যা করে।
আরো পড়ুন : পতন হতে পারে নরেন্দ্র মোদির
বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় টহলে ছিলেন অভিযুক্ত পুলিশ সদস্য (তার নাম জানানো হয়নি)। ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি মাঝরাস্তা থেকে গরুটিকে সরাতে গাড়ি দিয়ে দুই বার গরুর শরীরে আঘাত করেন। এ ফুটেজ ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। আঘাতের জেরে গরুটির মাথা আর শরীরের ওপরের অংশ পুলিশের গাড়ির নিচে আটকে যায়।
সুরি পুলিশের উপপ্রধান কনস্টেবল নেভ কেম্প সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মতে, আমাদের (পুলিশের) পক্ষ থেকে ঘটনাটি ঠিকভাবে সামাল দেয়া সম্ভব হয়নি। এখন এই ঘটনা নিষ্ঠার সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে।’
ভিডিওটি ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অবলা প্রাণির সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ করায় অনেক খামার মালিকও বিচার দাবি করেন।
এদিকে পুলিশের বিবৃতিতে দায় এড়ানোর চেষ্টা করা হয়। বলা হয়, ঘণ্টাব্যাপী গরুটিকে সরানোর ব্যর্থ চেষ্টার পর গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত হয়। ওই সময় গরুটি সাধারণ মানুষের দিকেও তেড়ে যাচ্ছিল।
পুলিশের এ বক্তব্যও ভালোভাবে নিচ্ছে না নেটিজেনরা। বলছেন, যাই হোক না কেন গরুর মতো গৃহপালিত প্রাণির সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। গরুটিকে রাস্তা থেকে সরাতে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে পুলিশ।
