×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় দুর্ভিক্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:২৯ এএম

যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় দুর্ভিক্ষ

যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়।

তবে যুক্তরাষ্ট্র সে প্রস্তাবে ভেটো দিয়েছে। এর ফলে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানো আবারো হুমকির মুখে পড়ল। খবর আল-জাজিরার।

অন্যদিকে এ সময়ের মধ্যে দখলদার ইসরায়েলের টানা হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অব্যাহত সহায়তা অবরোধের কারণে দুর্ভিক্ষ ও মানবিক সংকট আরও প্রকট হয়েছ।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ ভোট দিলেও কেবল যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দিয়ে সেটিকে বাতিল করে দেয়।

প্রস্তাবে গাজায় আটক ইসরায়েলিদের মুক্তির আহ্বানও জানানো হয়।তবে যুক্তরাষ্ট্র দাবি করে, যুদ্ধবিরতির বিষয়টি সেই মুক্তির সঙ্গে সরাসরি সংযুক্ত না হওয়ায় এটি ‘শুরুতেই অগ্রহণযোগ্য’।

ভোটের আগে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া নিরাপত্তা পরিষদে বলেন, এ প্রস্তাব নিয়ে আমাদের বিরোধিতা নতুন কিছু নয়। 

যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট—ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, যার মধ্যে হামাসকে পরাস্ত করা এবং তাদের দ্বারা আর কখনো হুমকির মুখে না পড়ার নিশ্চয়তা অন্তর্ভুক্ত।

মার্কিন নীতির নিন্দা জানিয়ে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, দখলদার ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের সব রকম সীমা লঙ্ঘন করেছে। কিন্তু একটি দেশের রক্ষাকবচের কারণে এ লঙ্ঘনের জন্য কেউ দায়ী হচ্ছে না।

এর আগে মঙ্গলবার ভোরে খাদ্য সংগ্রহ করতে আসা জনতার ওপর গুলি চালানোর ঘটনা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। হাসপাতালে নিহত রীম আল-আখরাসের ছেলে কান্নাজড়িত কণ্ঠে বলছিল, আম্মু আমাদের জন্য খাবার আনতে গিয়েছিলেন, আর তাতেই তার মৃত্যু হলো। 

তার স্বামী বলেন, প্রতিদিন নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে। এটি মানবিক সহায়তা নয়, এটি একটি ফাঁদ।

এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের পরিকল্পনা আছে, সামর্থ্য আছে, অভিজ্ঞতা আছে। আমাদের কাজ করতে দিন। সব সীমান্ত ক্রসিং খুলে দিন। সব দিক থেকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য ঢুকতে দিন।

তিনি আরও বলেন, আমাদের গাড়িগুলো যেন বাধাহীনভাবে চলতে পারে, তা নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ দীর্ঘদিন ধরেই ইসরাইল ও গাজার অভ্যন্তরের আইনশৃঙ্খলার অভাবকে মানবিক সহায়তা পৌঁছাতে প্রধান বাধা হিসেবে দায়ী করে আসছে। ইসরাইল দাবি করে, হামাস সহায়তা চুরি করছে। তবে হামাস দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, ইসরাইলের এমন অভিযোগের কোনো প্রমাণ তারা পায়নি।

এদিকে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গাজা থেকে বলেন, আমি কিশোর ছেলেদের কাঁদতে দেখেছি, যারা তাদের হাড় বেরিয়ে আসা পাঁজর দেখাচ্ছে। তারা খাবারের জন্য কাকুতি-মিনতি করছে।

ইসরাইলের দাবি, গাজায় হামাসের হাতে এখনো ৫৮ জন বন্দি রয়েছে, যাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ জীবিত বলে মনে করা হচ্ছে।

হামাসের হাতে থাকা এই জিম্মিদের উদ্ধার ও হামাসকে পুরোপুরি নির্মূল করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৪,৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App