×

আন্তর্জাতিক

জ্বালানি সংকটে থমকে যেতে পারে ইউরোপের আকাশপথ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

জ্বালানি সংকটে থমকে যেতে পারে ইউরোপের আকাশপথ

ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে। ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার কারণে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় ভয়াবহ সংকটের মুখে পড়েছে ইউরোপের বিমান চলাচল খাত। বর্তমান মজুত দিয়ে মহাদেশটির বাণিজ্যিক ও বেসামরিক বিমানগুলো বড়জোর আগামী ৬ সপ্তাহ সচল রাখা সম্ভব হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইইএ-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন,'ইউরোপের কাছে বর্তমানে জেট ফুয়েলের যে মজুত আছে, তা দিয়ে সর্বোচ্চ ৬ সপ্তাহ চলা সম্ভব। যদি দ্রুততম সময়ে হরমুজ প্রণালিকে উন্মুক্ত করা না যায়, তবে খুব শিগগিরই আমরা শুনব যে জ্বালানির অভাবে ইউরোপের এক শহর থেকে অন্য শহরে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।'

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় ইউরোপ তার ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করে ফাতিহ বিরোল আরও বলেন,'আমরা এখন চরম এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি। এই সংকট যত দীর্ঘস্থায়ী হবে, বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর তার প্রভাব ততটাই নেতিবাচক হবে। ধনী বা গরিব, কোনো দেশই এই সংকটের আঁচ থেকে মুক্ত থাকতে পারবে না।'

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে ইরান। বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। স্বাভাবিক সময়ে এই প্রণালি দিয়ে প্রতিদিন ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১০ থেকে ১২টিতে।

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই পক্ষ ১৪ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু গত ১১ এপ্রিল ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি পুনরায় জটিল আকার ধারণ করে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে নতুন করে অবরোধ জারি করলে জলপথে জাহাজ চলাচল আরও সীমিত হয়ে পড়ে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির এই অচলাবস্থা দ্রুত নিরসন না হলে কেবল বিমান চলাচলই নয়, বরং গোটা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

মুজিবনগর সরকারের প্রাসঙ্গিকতা ও রাষ্ট্র-নির্মাণের দর্শন

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন শিশির মনির

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই দেখতে মাঠে জাইমা রহমান

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই দেখতে মাঠে জাইমা রহমান

আগামী মাস পর্যন্ত কোনো জ্বালানি ঘাটতি নেই

জ্বালানি প্রতিমন্ত্রী আগামী মাস পর্যন্ত কোনো জ্বালানি ঘাটতি নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App