হরমুজে তেলবাহী ট্যাংকারে ইরানের গুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
হরমুজ প্রণালিতে জাহাজ ও আইআরজিসি'র টহল স্পিডবোট। ছবি- সংগৃহীত
হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক ট্যাংকারে গানবোট থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই হামলার খবর নিশ্চিত করেছে। ব্রিটিশ নৌবাহিনীর এই ইউনিটের দাবি, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে এই গুলি চালানো হয়।
ইউকেএমটিও জানায়, ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত ট্যাংকারের ক্যাপ্টেন জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা বা হুঁশিয়ারি বার্তা ছাড়াই হঠাৎ করে গানবোট থেকে গুলি ছুড়তে শুরু করা হয়। তবে গুলিবর্ষণে জাহাজের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং ক্রু সদস্যদের সবাই নিরাপদে আছেন।
বিশ্লেষকদের মতে, এই ঘটনার মাধ্যমে ইরান বিশ্বশক্তিগুলোকে স্পষ্ট বার্তা দিল যে হরমুজ প্রণালি এখনো তাদের পূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে। তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই স্পর্শকাতর জলপথ অতিক্রম করতে পারবে না, সেটিই যেন হাতেনাতে প্রমাণ করল আইআরজিসি।
মূলত যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকার প্রতিবাদে ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালির ওপর পুনরায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপ করেছে। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান সাময়িকভাবে এই জলপথটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল।
