×

আন্তর্জাতিক

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানের সেই নাগরিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানের সেই নাগরিক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। ২০২৪ সালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশে এই হত্যার পরিকল্পনা করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। মার্কিন কৌঁসুলিদের দাবি, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকলিন জেলা আদালতের বিচারক এরিক আর. কোমিটি এ রায় ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের (২৭ বছর ৬ মাস) কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২৪ সালে সংঘটিত এই ষড়যন্ত্রের ঘটনায় ২০২৬ সালের মার্চে মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রায় আট মাস বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

মার্কিন কৌঁসুলিদের ভাষ্য, আসিফ মার্চেন্টের সঙ্গে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসির যোগসাজশ ছিল। এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিল ইরান। ২০২০ সালে আইআরজিসির অন্যতম কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আসিফ মার্চেন্ট স্বীকার করেন, তিনি ইরানের আইআরজিসির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে তার দাবি, তেহরানে অবস্থানরত পরিবারের নিরাপত্তার কথা ভেবে চাপের মুখে তিনি এ কাজে জড়াতে বাধ্য হন।

তিনি আরও জানান, ইরানে থাকা তার এক নিয়ন্ত্রক (হ্যান্ডলার) তাকে সম্ভাব্য তিনটি লক্ষ্যবস্তুর নাম দিয়েছিলেন। তবে নির্দিষ্ট কাউকে হত্যার বিষয়ে তাকে সরাসরি কোনো নির্দেশ দেওয়া হয়নি।

বিচার চলাকালে উপস্থাপিত তথ্য-প্রমাণ অনুযায়ী, হত্যার ষড়যন্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। ২০২৪ সালের নির্বাচনে এই তিনজনই প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে অথবা ২০২৩ সালের শুরুর দিকে আইআরজিসির সঙ্গে কাজ শুরু করেন মার্চেন্ট। এ সময় তাকে গোয়েন্দা কার্যক্রমের বিভিন্ন কৌশল, বিশেষ করে নজরদারি এড়িয়ে চলার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ কারণে তিনি কয়েকবার ইরান সফর করেন এবং সেখানে তার কথিত নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করেন।

পরবর্তী সময়ে ২০২৪ সালে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য লোক নিয়োগের উদ্দেশ্যে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

ওই বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পৌঁছে মার্চেন্ট নিউইয়র্কে পরিচিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তার ধারণা ছিল, ওই ব্যক্তি হত্যার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে পারবেন। কিন্তু ওই ব্যক্তি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দেন এবং পরবর্তী সময়ে গোপন তথ্যদাতা হিসেবে কাজ করতে থাকেন।

এরপর মার্চেন্ট এমন কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা করেন, যাদের তিনি ভাড়াটে খুনি বলে মনে করেছিলেন। তবে প্রকৃতপক্ষে তারা ছিলেন ছদ্মবেশে থাকা মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, এসব কর্মকর্তার সঙ্গে বৈঠকে রাজনৈতিক সমাবেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা, নথিপত্র চুরি এবং রাজনৈতিক জমায়েতে বিক্ষোভ আয়োজনের বিষয়ে আলোচনা করেন মার্চেন্ট।

কৌঁসুলিদের দাবি, হত্যার পরিকল্পনা বাস্তবায়নের অগ্রিম অর্থ হিসেবে কথিত ভাড়াটে খুনিদের ৫ হাজার ডলার দিয়েছিলেন তিনি। বিদেশে থাকা এক ব্যক্তির সহায়তায় এই অর্থ সংগ্রহ করেন মার্চেন্ট।

২০২৪ সালের ১২ জুলাই টেক্সাসের রিচমন্ডে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

মার্চেন্ট গ্রেপ্তারের পরদিনই পেনসিলভানিয়ার বাটলার শহরে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। তবে রয়টার্সের তৎকালীন প্রতিবেদন অনুযায়ী, ওই হামলার সঙ্গে মার্চেন্টের ষড়যন্ত্রের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

বিচার চলাকালে আসিফ মার্চেন্টের আইনজীবীরা দাবি করেন, তিনি স্বেচ্ছায় এই ষড়যন্ত্রে জড়াননি। ইরানের এক এজেন্ট তাকে চাপ প্রয়োগ করেছিলেন এবং ইরানে থাকা তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন। পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেই তিনি বাধ্য হয়ে ওই এজেন্টের নির্দেশ মেনে চলেন।

আদালতে সাক্ষ্য দিয়ে মার্চেন্ট আরও বলেন, তার বিশ্বাস ছিল, শেষ পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ এই পরিকল্পনা ভেস্তে দেবে। একই সঙ্গে তিনি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার সুযোগ পাবেন বলেও আশা করেছিলেন।

তবে কৌঁসুলিরা তার এই বক্তব্যের বিরোধিতা করেন। তারা আদালতে উল্লেখ করেন, কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্চেন্ট যুক্তরাষ্ট্র ও ট্রাম্পবিরোধী বিভিন্ন পোস্ট দিয়েছিলেন। তাদের যুক্তি, এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে তার আগ্রহ ছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, বিচারক মার্চেন্টের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি স্বীকার করলেও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের ক্ষতি করার ব্যাপারে তিনি অত্যন্ত অনুপ্রাণিত ছিলেন।

এদিকে, ২০২৪ সালে মার্চেন্ট গ্রেপ্তারের পর পাকিস্তানেও এ ঘটনায় তদন্ত শুরু হয়। গত আগস্টে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পাকিস্তানে আসিফ মার্চেন্টের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, তদন্তের অংশ হিসেবে পাকিস্তানি কর্তৃপক্ষ তার ভ্রমণের ইতিহাস, ব্যবহৃত মোবাইল সিম এবং যানবাহনের বিভিন্ন রেকর্ড যাচাই করে।

সে সময় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এ বিষয়ে তারা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি মার্চেন্টের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে ইসলামাবাদ।

সূত্র: জিও নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানের সেই নাগরিক

ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রে কাজ করতেন পাকিস্তানের সেই নাগরিক

ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন

পুলিশের গাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App