সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ের ফটকে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখার ভবনের প্রধান ফটকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও ভবনের ভেতরে থাকা ১১ কর্মকর্তা-কর্মচারী অক্ষত রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সাতকানিয়া পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) বাসভবনের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা শাখা একই ভবনে অবস্থিত। ঘটনার সময় সেখানে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে জানালা দিয়ে ভবনের প্রধান ফটকে আগুন জ্বলতে দেখে তাঁরা নিচে নেমে আসেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পেরে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
খবর পেয়ে সকালে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে বোতলজাতীয় কোনো বস্তু দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
