চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ লাখের বেশি নথিবিহীন চীনা নাগরিককে ফেরত নিতে বেইজিং গড়িমসি করায় দেশটির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আদালতের নির্দেশে ৩০ হাজার নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া ঝুলে থাকায় ওয়াশিংটন ভিসা ফি বাড়ানো ও স্থায়ী নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
নথিবিহীন চীনা নাগরিকদের নিজ দেশে ফেরত নিতে বেইজিং কার্যকর পদক্ষেপ না নিলে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীন যদি দ্রুত তাদের নাগরিকদের ফিরিয়ে না নেয়, তবে ওয়াশিংটন এই পরিকল্পনা কার্যকর করাসহ অবৈধ অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানো শুরু করবে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ লাখের বেশি নথিবিহীন চীনা নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে ৩০ হাজার জনকে ফেরত পাঠানোর স্পষ্ট নির্দেশ দিয়েছেন আদালত। ২০২৫ সালে বেইজিং ৩ হাজার নাগরিককে ফেরত নিলেও গত ৬ মাস ধরে এই প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, বেইজিং পরোক্ষভাবে এই ইস্যুতে পূর্ণ সহযোগিতার অনীহা প্রকাশ করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে ওয়াশিংটন আরও কিছুদিন ধৈর্য ধরার পর প্রথম পর্যায়ে চীনা দর্শনার্থীদের জন্য ভিসা ফি বাড়ানো এবং ভিসা বাতিলের হার বৃদ্ধির পরিকল্পনা করছে। এতে সমাধান না হলে স্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। অভিবাসীমুক্ত যুক্তরাষ্ট্র গড়ার যে প্রতিশ্রুতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন, এই পদক্ষেপ তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ১৪ ও ১৫ মে প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফরের ঠিক আগেই এই হুঁশিয়ারি দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে নতুন উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট নির্বাচনের আগে চীনের কাছ থেকে বাণিজ্যিক সুবিধা আদায়ের লক্ষ্যে এই সফরটি ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
