নিজের গুণগান ভরা মিউজিক ভিডিও পোস্ট ডোনাল্ড ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০৮ পিএম
মিউকিজ ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প। ছবি: এআই
গত ৬ জুন সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে নিজের গুণগান ভরা একটি মিউজিক ভিডিও শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, বিশ্ব তাকে ভালো না বেসে পারে না।
অথচ এদিন ছিল ডি-ডে'র ৮২তম বার্ষিকী। এটি নিয়ে কোনো পোস্ট ট্রাম্পের প্রোফাইলে দেখা যায়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের নরম্যান্ডি সৈকতে মিত্রবাহিনীর অবতরণের দিনটি 'ডি-ডে' হিসেবে পরিচিত। তবে এই দিনে সামাজিক মাধ্যমে নিহত সেনাদের প্রতি কোনো শ্রদ্ধা জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বদলে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিছু কনটেন্ট শেয়ার করেছেন, যেখানে নিজের গুণগান ও তার রাজনৈতিক প্রতিপক্ষদের কটাক্ষ করা হয়েছে।
শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট 'ট্রাম্প' শিরোনামের একটি গানের এআই মিউজিক ভিডিও শেয়ার করেন। এটি তৈরি করেছেন নিউইয়র্কের কংগ্রেস প্রার্থী অ্যান্থনি কনস্ট্যান্টিনো, যাকে ট্রাম্প সম্প্রতি সমর্থন দিয়েছেন।
ভিডিওটিতে মূলত বিশ্বজুড়ে ট্রাম্পের জনপ্রিয়তা দেখানোর চেষ্টা করা হয়েছে। এতে দেখা যায়, ট্রাম্প সিংহের পিঠে চড়ে আছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমের সঙ্গে খাবার খাচ্ছেন এবং হোয়াইট হাউসে ইউএফসি ফ্রিডম ২৫০-এর এক লড়াইয়ে অংশ নিচ্ছেন। পুরোটা সময় একটি নেপথ্য সংগীতে বাজতে থাকে—'আমি যেখানেই যাই, তারা ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে।'
৬ জুন কয়েক ঘণ্টা ধরে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এটিই ছিল একমাত্র পোস্ট। এরপর তিনি লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের সংস্কারকাজ নিয়ে একটি পোস্ট দেন। তারপর তিনি ওবামা প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির একটি এআই-নির্মিত ছবি শেয়ার করেন। ওই ছবিতে দেখা যায়, লাইব্রেরিটি জরাজীর্ণ হয়ে পড়েছে, চারপাশে গৃহহীন মানুষের ক্যাম্প এবং ভবনের ঠিক ওপরে ময়লার বিশাল স্তূপ।
ট্রাম্প ছবির ক্যাপশনে লেখেন, 'বারাক হোসেন ওবামা লাইব্রেরি, ১০ বছর পর যখন এটি পুরোপুরি প্রস্তুত হবে!'
ডি-ডে'র বার্ষিকী স্মরণে মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দেননি। বিকেলে তিনি কমেডিয়ান রোজি ও'ডোনেলকে নিয়ে উপহাস করেন। এ ছাড়া হোয়াইট হাউসের বলরুমের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া বিচারক রিচার্ড লিয়নের সমালোচনা করে বলেন, তিনি 'দেশকে বিপদে ফেলছেন।'
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যমে ডি-ডে'র বীরদের স্মরণ করেছেন।
