হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (১০ জুন) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। এর আগেও একই এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার খবর পাওয়া গিয়েছিল।
ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, সর্বশেষ বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকেই যুক্তরাষ্ট্র হরমুজগান প্রদেশ ও পারস্য উপসাগরসংলগ্ন বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, তারা এসব হামলার দ্রুত জবাব দিয়েছে।
এর আগে গত সোমবার হরমুজ প্রণালির কাছাকাছি যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইরান হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। এরপরই তিনি কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন এবং কয়েক ঘণ্টার মধ্যে ইরানের উপকূলীয় স্থাপনাগুলোতে মার্কিন বাহিনী হামলা চালায়।
পাল্টা জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। পরে উভয় পক্ষই সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয়। তবে ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে দিয়ে বলেছে, ভবিষ্যতে কোনো নতুন হামলা এলে তার জবাব হবে আরও কঠোর।
এদিকে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় তিনি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাদের বিস্তারিত অবহিত করেন।
