জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর উদ্যোগের বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। দেশ দুটির দাবি, ২০২৫ সালের অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার এখতিয়ার এখন আর পরিষদের নেই।
শুক্রবার (১০ জুলাই) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলোর অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই বৈঠক আহ্বান করা হয়। তবে রাশিয়া ও চীন বৈঠকের বিরোধিতা করলেও ভোটাভুটিতে ১১টি দেশ পক্ষে, দুটি দেশ বিপক্ষে এবং দুটি দেশ বিরত থাকায় বৈঠক অনুষ্ঠিত হয়।
এটি ছিল ২২৩১ নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিরাপত্তা পরিষদের তৃতীয় বৈঠক। এর আগে চলতি বছরের মার্চ ও জুন মাসেও একই বিষয়ে আলোচনা হলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়নি।
২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) অনুমোদনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সংশ্লিষ্ট পক্ষগুলোর ভাষ্য অনুযায়ী, ওই প্রস্তাবের মেয়াদ ২০২৫ সালের ১৮ অক্টোবর শেষ হয়েছে।
রাশিয়া, চীন ও ইরান দাবি করেছে, প্রস্তাবটির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এর আওতায় থাকা বিধান, নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট দায়িত্বও কার্যকারিতা হারিয়েছে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরিষদের আনুষ্ঠানিক ভূমিকা আর নেই।
তিন দেশ আরও অভিযোগ করেছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়াগত দিক থেকে গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি আন্না এভস্তিগনিয়েভা বলেন, ২২৩১ নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার পর নিরাপত্তা পরিষদের এ বিষয়ে আলোচনার ম্যান্ডেটও শেষ হয়েছে। তার অভিযোগ, কয়েকটি সদস্য রাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যে একই বিষয় বারবার পরিষদের আলোচনায় আনছে।
একই ধরনের বক্তব্য দেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সান লেই। তিনি বলেন, প্রস্তাবটির মেয়াদ শেষ হওয়ার পর ইরানের পারমাণবিক ইস্যুতে নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক ভূমিকারও সমাপ্তি ঘটেছে। তার মতে, বিষয়টির অতিরিক্ত রাজনৈতিকীকরণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন বাড়াচ্ছে এবং কূটনৈতিক সমাধানের পথকে আরও জটিল করে তুলছে।
অন্যদিকে বৈঠকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের আগের উদ্বেগ ও অভিযোগ পুনর্ব্যক্ত করে। তবে বৈঠক শেষে কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে ২২৩১ নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘে দেওয়া এক যৌথ চিঠিতে ইরান, রাশিয়া ও চীন জানায়, প্রস্তাবটির কার্যকারিতা শেষ হওয়ায় ইরানের পারমাণবিক ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভূমিকাও সমাপ্ত হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ব্যবস্থাগুলো পুনর্বহালের যেকোনো উদ্যোগ তারা প্রত্যাখ্যান করেছে।
