কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। তেহরানের সামরিক সূত্রে দাবি বরে জানিয়েছে, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে এই সফল ড্রোন হামলা চালানো হয়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলায় বিমানঘাঁটির হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়।’
আরো পড়ুন: চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
তেহরানের দাবি, ‘সম্প্রতি কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।’
তেহরানের মতে, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশপথে নজরদারি ও সার্বিক সামরিক কর্মকাণ্ড পরিচালনার অন্যতম প্রধান কেন্দ্র।
তবে এই ড্রোন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা কুয়েত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এ ছাড়া এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।
