ট্রাম্পের সফরের আগে গলফ কোর্স এলাকায় অস্ত্রধারী আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরকে ঘিরে নিরাপত্তা জোরদারের মধ্যে লস অ্যাঞ্জেলেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছ থেকে অস্ত্র ও অবৈধ গোলাবারুদসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, র্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্পের মালিকানাধীন গলফ কোর্সের আশপাশে ঘোরাফেরা করার সময় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের দাবি, ওই ব্যক্তি গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘুরে ছবি ও ভিডিও ধারণ করছিলেন এবং নিরাপত্তা–সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন। রোববার বিকেলে ছদ্মবেশী ফেডারেল এজেন্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন: আলজাজিরার সম্প্রচার ‘নিষিদ্ধ’ করল পাকিস্তান
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, কাছের শহর এল সেগুন্ডোতে সংঘটিত একটি ডাকাতির মামলাতেও তাকে খুঁজছিল স্থানীয় পুলিশ।
তল্লাশির সময় তার কাছে ১৬ রাউন্ড ধারণক্ষমতার একটি ম্যাগাজিন পাওয়া যায়। পরে গলফ কোর্সে পার্ক করা তার গাড়ি থেকে গুলিভর্তি একটি পিস্তল এবং হলো-পয়েন্ট গুলিসহ আরেকটি লোডেড ম্যাগাজিন উদ্ধার করা হয়। ক্যালিফোর্নিয়ার আইনে ১০ রাউন্ডের বেশি ধারণক্ষমতার ম্যাগাজিন নিষিদ্ধ।
এরপর সোমবার ডাউনিতে অবস্থিত সন্দেহভাজনের বাড়িতে এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের মেজর ক্রাইমস ব্যুরো যৌথ অভিযান চালায়। সেখানে অবৈধভাবে পরিবর্তিত একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার একাধিক ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক মন্তব্য লেখা একাধিক নোটবুক উদ্ধার করা হয়েছে।
শেরিফ বিভাগ জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত তদন্তে স্থানীয় জনগণের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করা যায়নি।
আরো পড়ুন: উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ‘বিশ্বযুদ্ধের’ শঙ্কা
মার্কিন সিক্রেট সার্ভিসের সহায়তায় ঘটনার তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে সন্দেহভাজনের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে ক্যালিফোর্নিয়া সফরে রয়েছেন। মঙ্গলবার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহের নৈশভোজে তার অংশ নেওয়ার কথা রয়েছে। সফরকালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমালোচনায়ও বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তবে র্যাঞ্চো পালোস ভার্দেসে গ্রেপ্তার হওয়া ব্যক্তি ট্রাম্পকে লক্ষ্য করে কোনো হামলার পরিকল্পনা করেছিলেন কি না, সে বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ধরনের অভিযোগেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হয়নি।
