মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, দেখা গেল যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বিরল ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে প্রকাশ্যে দেখা যায়। তবে ভিডিওটি প্রকাশের সময় বা স্থান উল্লেখ করা হয়নি।
সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন প্রতিবেদন ও জল্পনা ছড়িয়ে পড়ার পরই ভিডিওটি প্রকাশ করা হলো বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে
শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মোজতবা খামেনিকে ঘিরে রয়েছেন। এ সময় তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথাবার্তা বলতেও দেখা যায়।
তবে মেহের নিউজের প্রতিবেদনে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। একইভাবে, খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক, সরকারি ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে। তেহরানসহ একাধিক শহরে চালানো ওই অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোর কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং বহু বেসামরিক মানুষও প্রাণ হারান বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
আরো পড়ুন: ৫ সন্তানের জননীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী
হামলার পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরানের হামলার আওতায় বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বিভিন্ন স্থাপনাও আসে বলে সে সময়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করে। এর প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও আন্তর্জাতিক উদ্বেগ বাড়ে।
নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে গত মার্চের শুরুতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণকারী অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে বেছে নেয়। বাবার মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া মোজতবা খামেনি এখন ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্বের অধিকারী।
