মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন নিধি তিওয়ারি। তবে তার লক্ষ্য ছিল আরও বড় পরিসরে কাজ করা- ভারতের প্রশাসন ও কূটনীতির গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন। সেই লক্ষ্যেই বিজ্ঞানীর চাকরি ছেড়ে শুরু করেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি।
প্রথমদিকে সাফল্য না এলেও হাল ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় মেধাতালিকায় ৯৬তম স্থান অর্জন করে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন। ২০১৪ ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালে তাকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা নিধি তিওয়ারি সেখানেই স্কুল ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। পরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি স্বর্ণপদকও পেয়েছেন।
পড়াশোনা শেষ করে ভারতের গুরুত্বপূর্ণ পরমাণু গবেষণা প্রতিষ্ঠান ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেন নিধি। সেখানে সফল ক্যারিয়ার শুরু হলেও তার আকাঙ্ক্ষা ছিল প্রশাসন ও নীতিনির্ধারণের ক্ষেত্রে কাজ করা।
ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। তবে প্রশাসনিক পর্যায়ে কাজ করার আগ্রহ থেকেই ২০০৮ সালে বিজ্ঞানীর চাকরি ছেড়ে দেন তিনি।
এরপর শুরু হয় সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি। ২০১২ সালের পরীক্ষায় তার নাম ওয়েটিং লিস্টে থাকলেও তিনি দমে যাননি। পরের বছর আবারও পরীক্ষায় অংশ নেন এবং সাফল্য অর্জন করেন।
২০১৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় নিধি তিওয়ারি সর্বভারতীয় মেধাতালিকায় ৯৬তম স্থান অর্জন করেন। এর মাধ্যমে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ পান তিনি। ২০১৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে শুরু হয় তার কূটনৈতিক ক্যারিয়ার।
ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নিধি। নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়েও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ে এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে তার কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালনকালেও বিদেশনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত স্পর্শকাতর বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ পান তিনি।
২০২২ সালের নভেম্বরে নিধি তিওয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আন্ডার সেক্রেটারি হিসেবে যোগ দেন। পরে ডেপুটি সেক্রেটারি পদে উন্নীত হন। পিএমওতে থাকাকালে পররাষ্ট্র ও আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নিধি তিওয়ারির। কূটনীতি, নিরাপত্তা ও প্রশাসনিক ক্ষেত্রে তার অভিজ্ঞতাই পরবর্তী সময়ে তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য এগিয়ে দেয়।
২০২৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে নিধি তিওয়ারিকে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ভারতের সরকারের উচ্চপর্যায়ের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তিনি।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রমের সমন্বয়, নীতিগত বিষয় এবং বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি কার্যক্রমে এ পদে থাকা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
বিজ্ঞানীর চাকরি থেকে কূটনৈতিক ক্যারিয়ার, এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব- নিধি তিওয়ারির এই পথচলা ভারতের প্রশাসনিক অঙ্গনে তার দক্ষতা ও অভিজ্ঞতারই প্রতিফলন।
