এনআইডিসহ নাগরিকের গোপনীয় তথ্য বিক্রির অভিযোগ, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনআইডির তথ্যের পাশাপাশি মোবাইল সিমের অবস্থান, কল ডিটেইল রেকর্ড (সিডিআর), এসএমএস, পাসপোর্টসহ নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিছুদিন আগে ওই চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন, ডেমরা থানার কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া।
এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩; বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় রমনা থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ মামলাটি তদন্ত করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার এজাহারে ওই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে সরকারি কর্মচারী হয়েও প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে মোবাইল ফোনের সিডিআর সংগ্রহ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রির অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অন্য ব্যক্তির কাছে হস্তান্তর এবং নাগরিকদের সিম বা মোবাইল নম্বরের কললিস্ট, সর্বশেষ কলের অবস্থান, এনআইডিসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হস্তান্তর ও ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
মামলাটির তদন্তের মাধ্যমে এসব অভিযোগের বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
