×

আন্তর্জাতিক

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

প্রতীকী ছবি

একমাত্র সন্তানকে হারানোর গভীর শোককে শক্তিতে রূপ দিয়ে নতুন করে পরিবার গড়ার স্বপ্ন দেখেছিলেন গ্রিসের ৫৪ বছর বয়সী ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপি ও তার স্বামী ৬০ বছর বয়সী কনস্টান্টিনোস। সেই স্বপ্ন পূরণ হয়েছে ২২ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত একটি ভ্রূণ থেকে জন্ম নেওয়া কন্যাসন্তানের মাধ্যমে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রিসের রাজধানী এথেন্সের একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের সময় তার ওজন ছিল ৩ দশমিক ৪৯ কেজি। এক বছর আগে সড়ক দুর্ঘটনায় ২১ বছর বয়সী একমাত্র ছেলে জর্জোসকে হারিয়েছিলেন এই দম্পতি। প্রয়াত ছেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নাম রাখা হয়েছে ‘জর্জিয়া’।

জর্জোসও আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতির মাধ্যমে জন্ম নিয়েছিলেন। ফলে দীর্ঘদিন ধরে সংরক্ষিত সেই ভ্রূণই তাদের কাছে হয়ে উঠেছিল নতুন করে সন্তান পাওয়ার একটি সম্ভাবনা।

তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। গ্রিসের আইন অনুযায়ী, আইভিএফ প্রক্রিয়ার জন্য নারীর সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর। ফলে বয়সসীমা পেরিয়ে যাওয়ার আগেই ক্রিস্টিনাকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আইনি জটিলতার পাশাপাশি মাত্র আড়াই মাসের তীব্র মানসিক চাপও সামলাতে হয়েছে তাদের।

আরও পড়ুন: ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

চিকিৎসকদের সহযোগিতায় শেষ পর্যন্ত সফল হয় সেই প্রচেষ্টা। ২২ বছর ধরে হিমায়িত অবস্থায় থাকা ভ্রূণ থেকে জন্ম নেয় তাদের কন্যাসন্তান।

সন্তানের জন্মের পর ক্রিস্টিনা বলেন, ‘আমি এবং আমার স্বামী নতুন করে শুরু করতে চেয়েছি, আমাদের ঘরে নতুন প্রাণ আনতে চেয়েছি এবং পরিবারের গল্পটা এগিয়ে নিতে চেয়েছি।’

স্বামী কনস্টান্টিনোসের কাছে এই সন্তান যেন শোকের মধ্যেও নতুন আশার বার্তা। তিনি বলেন, চিকিৎসকরা তাদের পরিবারে আবার আশার আলো ফিরিয়ে দিয়েছেন। দেশটিতে ক্রমবর্ধমান জন্মহার হ্রাসের প্রেক্ষাপটে আইভিএফ-সংক্রান্ত বয়সসীমা পরিবর্তনেরও দাবি জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর সংশ্লিষ্ট চিকিৎসকরাও গ্রিসে আইভিএফের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

হাসপাতালের কক্ষে গোলাপি বেলুন ও ফুলের সাজের মধ্যে নবজাতককে ঘিরে আবেগাপ্লুত সময় কাটাচ্ছেন ক্রিস্টিনা ও কনস্টান্টিনোস। প্রয়াত ছেলের স্মৃতি বুকে নিয়েই তারা এখন নতুন করে পরিবারকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন। এমনকি ভবিষ্যতে আরও একটি সন্তান নেওয়ার কথাও ভাবছেন এই দম্পতি।

প্রসঙ্গত, হিমায়িত ভ্রূণ সংরক্ষণ করে পরবর্তী সময়ে সন্তান জন্মদানের ক্ষেত্রে আরও দীর্ঘ সময়ের একটি নজির রয়েছে যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের ২৬ জুলাই দেশটির ওহাইও অঙ্গরাজ্যের এক দম্পতি প্রায় ৩১ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত একটি ভ্রূণ থেকে সন্তানের জন্ম দেন।

ওই শিশুকে ‘বিশ্বের সবচেয়ে বয়স্ক শিশু’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। দীর্ঘদিন হিমায়িত অবস্থায় থাকা ভ্রূণ থেকেও সুস্থ সন্তানের জন্ম সম্ভব—এই ঘটনা সেই সম্ভাবনাকেই নতুন করে সামনে এনেছে।

সূত্র: এবিসি নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

আইনমন্ত্রী ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App